ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্রের মতো অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিসে বেবী মওদুদ একথা বলেন।
অনলাইন সংবাদ মাধ্যমের নিবন্ধিকরণ সম্পর্কিত এই নোটিসে বেবী মওদুদ বলেন, “একের পর এক ব্যাঙের ছাতার মতো অনলাইন সংবাদ মাধ্যম গড়ে উঠছে। যে যার ইচ্ছা মতো দু-একটি ঘরে কয়েকটি কম্পিউটার খুলে বসছে। তারা সাংবাদিকতার কোনো নীতি মেনে চলার ক্ষেত্রে সত্যনিষ্ঠ নয়।”
“এরা সংবাদ প্রতিষ্ঠান হিসাবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করছে। কিন্তু তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না”, যোগ করেন বেবী মওদুদ।
এই নারী সাংসদ বলেন, “দেশে নামকরা কয়েকটি অনলাইন সংবাদ সংস্থা রয়েছে। তারা সরকারকে রাজস্ব দেয়। বাকি যেগুলো রয়েছে- তাদের কোনো দায়িত্ব নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২৩৮ ঘ.
bdnews24