২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় পাচারের সময় উদ্ধার ২৬, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের পতেঙ্গার নেভাল একাডেমি সড়ক এলাকা থেকে তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার ও ২৬ জনকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গার নেভাল একাডেমি সড়ক এলাকা থেকে তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার ও ২৬ জনকে উদ্ধার করেছে র‌্যাব। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বুধবার প্রথম প্রহরে ওই সড়কের একটি যাত্রী ছাউনিতে ইঞ্জিনচালিত নৌযানের জন্য অপেক্ষা করার সময় পাচারকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বজল আহমেদ (৪৩), মো. ইলিয়াছ (২৩) ও আয়াত উল্ল্যাহ (২৭)। তাদের প্রথম দু’জনের বাড়ি কক্সবাজার ও তৃতীয় জন বান্দরবানের বাসিন্দা। উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে অধিকাংশেরই বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নওগাঁ, নাটোর, মুন্সীগঞ্জ ও সাতক্ষীরা এলাকার বাসিন্দাও আছেন। বুধবার দুপুরে পতেঙ্গায় র‌্যাব-৭ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ২৬ জনকে উদ্ধারের ঘটনা সংবাদমাধ্যমের কর্মীদের জানানো হয়। গ্রেপ্তার আয়াত উল্ল্যাহ সাংবাদিকদের বলেন, টেকনাফের তৈয়ব, নাইক্ষ্যংছড়ির শরীফ ও নজির হোসেন নামের তিন ব্যক্তি বিদেশে লোক পাঠায়। ওরাই নৌকা ভাড়া করে। ২৯ থেক ৩৫ হাজার টাকা করে নেয়। বোটে ওঠার আগে তিন থেকে পাঁচ হাজার টাকা লাইন খরচ নেয়। থাইল্যান্ড যাওয়ার পর আরো ১৫ থেকে ২০ হাজার টাকা নেয়। ওখানে বস আছে। দুই থেকে চার হাজার রিঙ্গিত নিয়ে মালয়শিয়া ঢুকিয়ে দেয়। র‌্যাব সাংবাদিকদের জানায়, সংঘবদ্ধ একটি মানব পাচারকারী চক্র মালয়শিয়ায় চাকরি দেওয়ার কথা বলে উদ্ধার হওয়া এই ২৬ জনকে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নওগাঁ, নাটোর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা এলাকা থেকে নিয়ে আসে। পরে তাদেরকে নগরের কয়েকটি হোটেলে রাখে। গত মঙ্গলবার রাতে নৌপথে পাচারের জন্য তাদেরকে চট্টগ্রাম বিমান বন্দর সংলগ্ন নেভাল একাডেমি এলাকায় নিয়ে আসা হয়। বহিঃসমুদ্রে নেওয়ার জন্য নৌকা ভাড়া করার আগেই র‌্যাব তিন পাচারকারীকে গ্রেপ্তার ও ২৬ জনকে উদ্ধার করে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খান সাংবাদিকদের জানান, আগে চার-পাঁচ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে টেকনাফ থেকে মালয়শিয়ায় লোক পাচার করা হত। এই প্রথম চট্টগ্রাম থেকে পাচারের চেষ্টা করা হল। তিনি আরো বলেন, এত বড় গ্র“প সচরাচর পাওয়া যায় না। এর পেছনে একটা নেটওয়ার্ক আছে। ওই নেটওয়ার্ক দুর্বল না শক্তিশালী তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাদের নাম পাওয়া গেছে তাদের খোঁজা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২২১১ ঘ.