বরিশাল, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক বিক্রয় প্রতিনিধিকে হত্যার দায়ে দোকানির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে। হত্যায় সহযোগিতা করার দায়ে আরেকজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরো তিন মাস সাজা ভোগ করতে হবে।
বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম সলিমউল্যাহ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় দোকানির ভাই পলাশ বখতিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দোকানি হলেন- আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের ইঙ্গুল আলী বখতিয়ারের ছেলে আনোয়ার বখতিয়ার ও একই গ্রামের ইউনুস বেপারীর ছেলে রুহুল আমিন বেপারি।
মামলার নথি থেকে জানা গেছে, গৌরনদী উপজেলার টরকী পোলপাড়া এলাকার শংকর চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস ইউনিলিভারের পরিবেশক মেসার্স আব্দুল মজিদ মিয়া অ্যান্ড সন্সের বিক্রয় প্রতিনিধি ছিলেন। ২০০৮ সালের ১৬ এপ্রিল আগৈলঝাড়া উপজেলার পয়সার হাটে পণ্য বিক্রয় করতে যায়।
ওই দিন পণ্য বিক্রির পর কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার বখতিয়ার সুমনের মাথায় লোহা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে লাশ দোকানের পাটাতনের নিচে লুকিয়ে রাখা হয়। পরে রাত ১২টার দিকে বস্তবন্দি করে সুমনের লাশ নদীতে ফেলে দেয় তারা।
দুইদিন পর ১৮ এপ্রিল সুমনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় সুমনের ভগ্নিপতি অজিত কুমার দাস আগৈলঝাড়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আনোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন।
তার স্বীকারোক্তি অনুযায়ী একই বছরের ৩১ মে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আনোয়ার বখতিয়ার, রুহুল আমিন বেপারী ও পলাশ বখতিয়ারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪৮ ঘ.
bdnews24