২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে নতুন দুই উপ-উপাচার্য

উপ-উপাচার্যের দায়িত্ব পেলেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন আহমাদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সহিদ আকতার হুসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক হারুন-অর রশিদের পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দুজনকে মনোনীত করছে সরকার। তারা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন আহমাদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হুসাইন। এই দুজন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সহকারীর দায়িত্ব পাচ্ছেন বলে বুধবার দুপুরে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে। বিকালে তাদের নিয়োগের কথা জানিয়ে সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন। এবারই প্রথম মতো বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ে দুজন উপ-উপাচার্য একসঙ্গে দায়িত্ব পালন করবেন। নাসরিন ও সহিদ দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সঙ্গে যুক্ত। সহিদ আকতার এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী অধ্যাপক সহিদ নিয়োগের প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ও কাজের গতি বজায় রেখে উপাচার্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ করব। দুজন উপ উপাচার্য নিয়োগের বিষয়ে তিনি বলেন, “একজন হলে তার ওপর কাজের চাপ বেশি পড়ে। আমরা দুজন সমন্বয় করে কাজ করব। দুজন হওয়াতে কাজ করা সহজ হবে।” মঙ্গলবার অধ্যাপক হারুন-অর রশিদের সঙ্গে কোষাধ্যক্ষ মীজানুর রহমানও পদত্যাগ করেন। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মো. কামালউদ্দিনকে তার স্থলে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। কামালউদ্দিন নীল দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ। অধ্যাপক হারুন ও মীজানুর পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখালেও দুজনের কথায়ই স্পষ্ট অভিযোগ, বর্তমান প্রশাসনে তারা কাজ করতে পারছিলেন না। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল প্যানেলের ভরাডুবি, উপাচার্য নির্বাচনের জন্য চাপের মধ্যে তারা দুজন পদত্যাগ করলেন। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর উপাচার্য পদে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর উপউপাচার্যের দায়িত্ব পান সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন। গত মাসে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল প্যানেলের পরাজয়ের জন্য অধ্যাপক হারুন ও অধ্যাপক মীজানুরের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন সরকার সমর্থক অনেক শিক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২০১৫ ঘ.