২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে সমাধান বের করতে হবে’

“কারোরই এমন ভাষা ব্যবহার করা উচিত নয়, যাতে একটি অঙ্গ (রাষ্ট্রের) অপর একটি অঙ্গকে আঘাত করে,” বলেছেন ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের সমালোচনা করে হাই কোর্টের এক বিচারপতির বক্তব্যের পর সংসদে ওই বিচারককে অপসারণের দাবি ওঠার প্রেক্ষাপটে রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গগুলোকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতান্ত্রিকভাবে সমাধান বের করার আহ্বান জানিয়েছেন দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ড. কামাল হোসেন। সংসদ ও বিচার বিভাগ উভয়কে রাষ্ট্রের মূল স্তম্ভ অভিহিত করে তিনি বলেছেন, “কারোরই এমন ভাষা ব্যবহার করা উচিত নয়, যাতে একটি অঙ্গ অপর একটি অঙ্গকে আঘাত করে।” ড. কামাল হোসেনের মতো মত প্রকাশ প্রকাশ করেছেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. এম জহির। উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য করলে তা নিয়ে সংসদে তুমুল সমালোচনা ওঠে। ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা বিচারপতি শামসুদ্দিনকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন। অন্যথায় বিচারপতি অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার হুমকিও দিয়েছেন তারা। সংসদ ও বিচার বিভাগের এই পাল্টাপাল্টি অবস্থানের প্রতিক্রিয়া জানতে চাইলে ড. কামাল দুই পক্ষকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি বুধবার সাংবাদিকদের বলেন, “সাংবিধানিক শাসন আমরা সবাই চাই। এক্ষেত্রে সংসদ হল মূল স্তম্ভ। সেখানে আমাদের ১৬ কোটি মানুষের আস্থাভাজন প্রতিনিধিরাই রয়েছেন। জনগণের প্রতিনিধিরাই সংসদকে নিয়ন্ত্রণ করেন। সেই সংসদ এমন কোনো বক্তব্য যাতে না দেয়, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়।” “বিচার বিভাগ স্বাধীন। এটিও একটি মূল স্তম্ভ। যারা শতভাগ সাংবিধানিক শাসনে বিশ্বাস করে, তারা চায় একটি অঙ্গ আরেকটি অঙ্গের প্রতি শ্রদ্ধাশীল থাকুক। ড. কামাল আশা করেছেন, সংসদ ও বিচার বিভাগ পরস্পরের প্রতি শ্রদ্ধা ধরে রেখে উদ্ভূত সমস্যা সমাধানে গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের প্রতি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। “আমার আহ্বান হল, যাতে সমস্যাটি সমাধানের দিকে এগিয়ে যায়। তারা যেন এমন শব্দ ব্যবহার না করেন, যা সমস্যাকে আরো গুরুতর করে,” বলেন ড. কামাল। সংসদ, না আদালত- কার অবস্থান সঠিক, জানতে চাইলে সরাসরি উত্তর এড়িয়ে সংবিধান প্রণয়ন কমিটির এই সদস্য বলেন, “কার বক্তব্য সঠিক, সেটা আমি বলব না। সেটা যদি বলতে হয়, তাহলে সব আইনজীবীদের মধ্যে আলোচনা করে করতে হবে। “এ ধরনের আলোচনা হলে সেখানে আমার প্রস্তাব হবে, যে কোনো সমস্যার সমাধান হওয়া উচিত সাংবিধানিকভাবেই,” বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি। ব্যারিস্টার আমীর বলেন, বিচার বিভাগ ও সংসদ সাংঘর্ষিক হোক, এটা প্রত্যাশিত নয়। “প্রত্যাশিত নয় এমন কিছু বাদানুবাদ উভয় জায়গাতেই ঘটেছে। জনগণও এটাকে প্রত্যাখ্যান করেছে বলে আমার ধারণা। আমি মনে করি, এটার সামাধান সম্ভব। এক্ষেত্রে একজন আরেকজনকে আল্টিমেটাম দেওয়ার সুযোগ কারো নেই। যে জায়গায় যার অবস্থান, তাকে সেই জায়গা সমুন্নত রাখতে হবে।” ড. জহির উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধানের ওপর জোর দিয়ে বলেছেন, তা না হলে সামনে ‘খারাপ’ দিন আসবে। সংসদ ও বিচার বিভাগকে রাষ্ট্রের দুই স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, “এখন এর দুইটি অঙ্গে যদি এভাবে অহেতুক ঝগড়া লেগে যায় তাহলে আমি বলব, এটা খুবই দুঃখজনক। আমি এটাকে একটি অশনি সঙ্কেত হিসাবে দেখছি।” “আমার মনে হয়, নিজেদের মধ্যে কথাবার্তা বলে এই সংষর্ঘ এখনি অপসারণ করা উচিত। তা না হলে আমাদের সামনে খুব খারাপ দিন দেখছি। ডেমোক্রেসি হ্যাজ অলরেডি গন,” বলেন তিনি। ‘বিচারিক ভাষা ও সাংবিধানিক বক্তব্য চাই’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বিচারপতিদের কাছ থেকে বিচারিক ভাষা এবং সাংবিধানিক বক্তব্য প্রত্যাশা করেছেন। একজন বিচারপতির কর্মকাণ্ডকে বিচার বিভাগের কর্মকাণ্ড হিসাবে গণ্য করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপি নেতা জয়নুল আবেদীন বলেন, “আমি বলছি, বিচার বিভাগ বলতে সবাইকে বুঝায়। এখানকার বিষয়টি একজন বিচারপতির সঙ্গে সম্পৃক্ত। একজন বিচারপতির কর্মকাণ্ডকে ঢালাওভাবে বিচার বিভাগের কর্মকাণ্ড হিসাবে গণ্য করা ঠিক নয়।” সংসদ সদস্যদের দাবির বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে তারা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই এ নিয়ে মন্তব্য করা আমাদের এখতিয়ারে নেই।” তবে উভয় পক্ষ পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কাজ করবেন বলে আশা করেন বার সভাপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ ঘটনায় কোনো ভূমিকা রাখবে কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান বিচারপতি চাইলে আমরা ভূমিকা রাখব। তবে আমরা নিজ থেকে ভূমিকা রাখব না।” ‘ টেন্ডার নিয়ে ক্ষোভ তোফায়েলের’ সংসদে আওয়ামী লীগের তোফায়েল আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেছেন, একটি দরপত্র নিয়ে ক্ষোভ থেকে তোফায়েল ওই বক্তব্য দিয়েছেন। তোফায়েল মঙ্গলবার বলেছিলেন, “আরেকজন আছেন- মনজিল মোরসেদ। মনে হয় তার কোনো কাজ নেই। খবরের কাগজ পড়ে মানিকের কাছে যান, আর তিনি রুল ইস্যু করেন।” মনজিল মোরসেদ বলেন, “সংসদে আলোচনায় যারা অংশ নিয়েছেন, তাদের বাচনভঙ্গি দেখেই মনে হয়েছে, উনারা খুব উত্তেজিত এবং ক্ষুব্ধ। ক্ষুব্ধতার যথাযথ কারণ আমার জানা নেই।” “দু-একটি বিষয়ে ধারণা হচ্ছে যে, ভোলার ২৩ কোটি টাকার টেন্ডারের একটি ঘটনায় কাউকে অংশ নিতে না দেওয়ার জন্য আমরা একটি মামলা করেছিলাম। ওই মামলায় তোফায়েল আহমেদের এক আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছিল।” “সম্প্রতি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ ওই টেন্ডারের কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে এটা আপিল বিভাগে যায়। আপিল বিভাগ সেটা চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলে অন্য একটি আদালত পুনরায় টেন্ডার আহ্বানের নির্দেশ দেয়। এ কারণে উনি ক্ষুব্ধ হতে পারেন,” বলেন মনজিল। তিনি আরো বলেন, “ওই দিন ভোলায় ঝাড়– মিছিল হয়েছে, এ কারণেও হয়তো তিনি মানসিকভাবে ক্ষুব্ধ ছিলেন।” “এছাড়া আরেকজন সংসদ সদস্য হাতিরঝিল এলাকায় শিল্পপ্লট বরাদ্দ পেয়েছেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চ বেআইনিভাবে শিল্প প্লট নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে স্বতপ্রণোদিত আদেশ দিয়েছেন। এ কারণে তারা ক্ষুব্ধ হতে পারেন,” যোগ করেন এই আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচএ/২২৪২ ঘ.