ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ চলাকালে উচ্চ আদালতের একটি রায়ের সমালোচনায় ‘বিরূপ’ মন্তব্য করে স্পিকার রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন হাই কোর্টের একজন বিচারক।
মঙ্গলবার সড়ক ভবনের জমি হস্তান্তর সংক্রান্ত একটি আবেদনের শুনানিকালে আইনজীবী মনজিল মোরসেদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংসদে দেওয়া স্পিকার আব্দুল হামিদের সংসদের বক্তব্য আদালতের নজরে আনলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এ মন্তব্য করেন।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির শুনানি চলছিলো।
২৯ মে সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, আদালতের রায়ে ক্ষুদ্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।
এই বক্তব্যের সমালোচনা করে বিচারক বলেন, “তিনি (স্পিকার) জনগণকে সুপ্রিম কোর্ট ও সরকারের বিরুদ্ধে উস্কে দিয়েছেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল অপরাধ।”
একই সঙ্গে সুপ্রিম কোর্ট বারের একজন সদস্য হিসেবে বিচার বিভাগ স¤পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় আইনজীবী হিসেবে স্পিকারের সনদ থাকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি শামসুদ্দিন।
রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের উচ্চ আদালতের ওই রায় নিয়ে এক অনির্ধারিত বক্তব্য ধরে স্পিকার ওই মন্তব্য করেন।
বিচারক বলেন, “তিনি (স্পিকার) পরবর্তীতে প্রকাশিত এইসব সংবাদের কোনো প্রতিবাদও করেননি।”
তিনি আরো বলেছেন, “স্পিকার বলেছেন, আইনমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তিনি তাকে ব্যবস্থা নিতে বলতেন। এর মানে হলো, তিনি আদালতকে ডান্ডাবেড়ি পরাতে চান।”
“সুপ্রিম কোর্ট ইজ নট কন্ট্রোলড বাই এনি মিনিস্টার অর অথরিটি,” জোর দিয়ে বলেন বিচারপতি।
তার বক্তব্য, “তৃতীয় শক্তি উত্থানের কথা লেখার কারণে যদি আদালত কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতে পারে, তবে তিনি (স্পিকার) আরো বৃহৎ অপরাধ করেছেন।”
স্পিকারের সমালোচনা করে বিচারক আরো বলেন, “তিনি পুরোপুরি অসংসদীয় ভাষায় কথা বলেছেন। রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হয়ে তিনি কিভাবে এমন কথা বললেন? তিনি পার্লামেন্টের সঙ্গে কোর্টের দ্বন্দ্ব সৃষ্টি করেছেন। তার বোঝা উচিত ছিল এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর।
“তিনি মারাত্মকভাবে তার ‘ডিগনিটি’ ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তিনি পার্লামেন্ট রুল ব্রেক করে পার্লামেন্ট অবমাননা করেছেন।”
সংবিধান নিয়ে স্পিকারের ‘জ্ঞান আছে কিনা’ তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি শামসুদ্দিন।
“যিনি তার পদের মর্যাদা রক্ষা করতে পারেন না, তার এ পদে থাকার কোনো যোগ্যতা নাই। আমরা স্পিকারের ভূমিকায় অবাক হয়েছি,” মন্তব্য বেঞ্চের।
আদালতের ভূমিকা ব্যাখ্যা করে বিচারক বলেন, “কোনো বিচারাধীন মামলা নিয়ে আলোচনার কোনো সুযোগ নাই। সংবিধানের তিন স্তম্ভের একটি সুপ্রিম কোর্ট। সংবিধান আদালতকে তার অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে। সংবিধান এবং রাষ্ট্র অসুবিধায় পরে এমন কোনো সিদ্ধান্ত উচ্চ আদালত কখনো নেবে না।”
এসময় আদালতে উপস্থিত আইনজীবী এবং সরকারদলীয় সাংসদ নূরুল ইসলাম সুজন ও আবদুল মতিন খসরুকে বিচারক জিজ্ঞেস করেন, “মন্ত্রী কি আমাদের শাস্তি দিতে পারেন?”
তারা বলেন, “না।”
পরে সাংসদদের অনুরোধে এবং ‘স্পিকারের সম্মানে’ আদালত এ বিষয়ে কোনো আদেশ দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/জিএনএ/২১০৯ ঘ.
bdnews24