২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির ১৬ শীর্ষ কর্মকর্তার তথ্যে অসঙ্গতি

জিজ্ঞাসাবাদে ডেসটিনির ১৬ শীর্ষ কর্মকর্তার দেওয়া তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এতে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিজ্ঞাসাবাদে ডেসটিনির ১৬ শীর্ষ কর্মকর্তার দেওয়া তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এতে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে কমিশন। মঙ্গলবার দুদক কমিশনার এম বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, “ডেসটিনির ১৬ শীর্ষ কর্মকর্তা যেসব তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তাদের দিয়েছেন তা যাচাই করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে।” গত সপ্তাহে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং ডেসটিনি গ্র“পের ১৬ শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এদের মধ্যে ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও চেয়ারম্যান মাহমুদ হোসেনও রয়েছেন। ডেসটিনি গ্র“পের সভাপতি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুণ অর রশীদকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বদিউজ্জামান বলেন, “আমরা তার (হারুণ অর রশীদ) সুবিধা মত সময় জেনে তারপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে চিঠি পাঠাবো। কেননা তিনি ব্যস্ত মানুষ। একটু সময় নিয়েই চিঠিটা পাঠাতে চাই। সবম্ভত আগামী সপ্তাহে এ চিঠি পাঠানো হবে।” মুক্তিযোদ্ধা হারুণ অর রশীদ সেক্টর কমান্ডার্স ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। ডেসটিনির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি ওই দায়িত্ব ছাড়েন। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ডেসটিনির আর্থিক অনিয়ম ধরা পড়ার খবর গণমাধ্যমে প্রকাশ হলে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামকে নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। প্রায় দুই মাস অনুসন্ধান শেষে গত ২৩ মে কমিশনে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল। এতে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর সহযোগী অপর প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করে তদন্ত দল। ওই প্রতিবেদনে বলা হয়, ডেসটিনির শীর্ষ ব্যক্তিরা কয়েকশ’ কোটি টাকার দুর্নীতি করেছেন। এছাড়া বিদেশ থেকে কম দামে পণ্য আমদানি এবং দেশের মধ্যে কম দামে জমি কিনে তা গ্রাহকদের কাছে বেশি দাম দেখানো হয়েছে। আর ওই অতিরিক্ত অর্থ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মকর্তারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৭৫৬ ঘ.