২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা নিয়ে মানবাধিকার কমিশনের উদ্বেগ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বেশি কিছু সুপারিশ জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাসও মিলেছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দেশের আইন-শৃঙ্খলা, সাম্প্রতিক পুলিশি নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলাসহ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে মিজানুর সাংবাদিকদের বলেন, “বৈঠকে সা¤প্রতিক ২০টি গুমের ঘটনার তালিকা দিয়ে এসব ঘটনার সর্বশেষ তথ্য কমিশনকে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।” এছাড়া ‘অতি উৎসাহী’ এবং মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে মানবাধিকার কমিশনের মতামত নেওয়ার জন্যও স্বরাষ্ট্রমন্ত্রীকে সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যন বলেন, “সাম্প্রতিক কয়েকটি ঘটনা স্পর্শকাতর এবং তা মানবাধিকারের ওপর প্রভাব ফেলেছে। এসব ঘটনা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নেওয়া পদক্ষেপও জানতে চেয়েছি।” তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। “মন্ত্রী এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আমাদের জানিয়েছেন। আমরা তার আশ্বাসে সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছি”, তিনি বলেন। মিজানুর রহমান বলেন, “আমরা মন্ত্রীকে বলেছি- কিছু অতি উৎসাহী পুলিশ মানবাধিকার লঙ্ঘণ করছে। এদের আচরণ গ্রহণযোগ্য নয়। এসব পুলিশ কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ রয়েছে কি না- তা জেনে নিতে যেন মানবাধিকার কমিশনের সুপারিশ নেওয়া হয়। আমাদের এ পস্তাব তিনি গ্রহণ করেছেন।” মন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাগর-রুনি হত্যাকা-, বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা এবং সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের বিষয়গুলো আলোচনায় আসে বলে চেয়ারম্যান জানান। “এসব ঘটনায় কি কি পদক্ষেপ নিয়েছেন বা নিতে যাচ্ছেন, কোন ঘটনায় কতটুকু অগ্রগতি হয়েছে, এসব বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা দিয়েছেন মন্ত্রী। তিনি আমাদের নিশ্চিত করেছেন, কেউ অপরাধ করে পার পাবে না।” মিজানুর রহমান জানান, মন্ত্রণালয়ের আন্তরিকতার কোনো ঘাটতি আছে বলে তার চোখে পড়েনি। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকা-ের তদন্তের অগ্রগতি প্রসঙ্গে কমিশন চেয়ারম্যান বলেন, “মন্ত্রী জানিয়েছেন, একবার একটি সংস্থা তদন্ত করেছে। এরপর তদন্তের দায়িত্ব আরেকটি সংস্থার হাতে দেওয়া হয়। এ অবস্থায় একেবারে শূন্য থেকে আবার শুরু করতে হয়। এতে অনেক সময় অতিবাহিত হয়েছে। এ বিষয়টির সুরাহা হওয়া আমাদের সবার জন্যই মঙ্গলজনক। তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন।” দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মিজানুর বলেন, “অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার রক্ষায় অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কিছু বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। এগুলোই আমাদের উদ্বেগের কারণ।” কখনোই কোনো সমাজে মানবাধিকার পরিস্থিতি পুরোপুরি ভালো থাকে না উল্লেখ করে তিনি বলেন, “সাম্প্রতিক ঘটনাগুলো না ঘটলে আমরা আরো ভালো থাকতাম। যারা অপরাধী তাদের আইনের আওতায় এনে মানবাধিকারের প্রতি রাষ্ট্রের যে অঙ্গীকার, তা পূরণ করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮২৫ ঘ.