ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে হামলা ও প্রথম আলোর সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ (বিপিজেএ) সাংবাদিকদের বিভিন্ন সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
সাগর-রুনির হত্যা নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান ও মালিক মাহফুজুর রহমানের বক্তব্যকে ‘অশালীন, কুরুচিকর ও মানহানিকর’ উল্লেখ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, আইন প্রয়োগকারী সংস্থার উচিৎ, মাহফুজুর রহমানের সাথে বসে তার কাছে যে তথ্য আছে তা উদ্ধার করা।
“প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হোক,” যোগ করেন তিনি।
এটিএন বাংলার সাংবাদিক মেহেরুন রুনি ও তার স্বামী মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সাগর সরওয়ার গত ১১ ফেব্র“য়ারি খুন হন। পুলিশ এই হত্যাকাণ্ডের কূলকিনারা করতে ব্যর্থ হওয়ায় এখন র্যাব এর তদন্ত করছে।
ওই হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে স¤প্রতি লন্ডনে এক সমাবেশে মাহফুজুর রহমান দাবি করেন, সাগর-রুনি পরকীয়ার বলি।
প্রবাসী বাঙালীদের ওই সমাবেশে এটিএন বাংলার চেয়ারম্যান আরো দাবি করেন, তার কাছে এ সংক্রান্ত ভিডিও ফুটেজ ও তথ্য উপাত্ত রয়েছে।
এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক জ. ই. মামুন জাতীয় প্রেসক্লাবের সমাবেশে বলেন, লন্ডনে মাহফুজুর রহমানের ওই বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মত।
“সাগর-রুনি নিহত হওয়ার পর কয়েকটি সংবাদপত্রে মনগড়া ও কুরুচিকর সংবাদ প্রকাশ করা হয়েছিল। সে সময় আমরা এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছিলাম এসব সংবাদ কাল্পনিক, বিভ্রান্তিকর ও লজ্জানজক। ড. মাহফুজুর রহমানের বক্তব্যও একই ধরনের। তার বক্তব্যের সঙ্গে এটিএন বাংলার সাংবাদিকদের সং¯্রব নেই”, বলেন মামুন।
হত্যাকারী যে দল বা মতেরই হোক, তাদের গ্রেপ্তার দাবি করেন তিনি।
মাহফুজুর রহমানের বক্তব্যের সমালোচনা করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক বাকের হোসাইন বলেন, যে মালিক প্রতিষ্ঠানের কর্মীদের ওপর গোয়েন্দাগিরি করেন, তার কাছ থেকে সবাইকে সাবধান হতে হবে।
“আমরা ভাবতেই পারি না তিনি এমন রুচিহীন ও দায়িত্বজ্ঞানহীন”, বলেন বাকের।
মাহফুজুর রহমানকে ‘গুজবের খলনায়ক’ আখ্যায়িত করে বাকের হোসাইন বলেন, “গোটা সাংবাদিক সমাজকে তিনি কলঙ্কিত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য উদঘাটিত হবে। মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে তার কাছ থেকে সব ডকুমেন্ট উদ্ধার করা হোক।”
দেশে ফেরার সঙ্গে সঙ্গে মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “কত নীচতা ও ধৃষ্ঠতা থাকলে উনি বলতে পারেন, সাগর-রুনির বাসায় নাকি মদের আড্ডা বসতো।”
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ওমর ফারুক বলেন, “প্রথম থেকেই আমাদের আশঙ্কা ছিল যে, এই খুনের সঙ্গে মাহফুজুর রহমান জড়িত থাকতে পারেন।”
“পুলিশকে বলছি, তাকে (মাহফুজুর রহমান) গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করুন। না হলে প্রয়োজনে আমরা এটিএন বাংলা ঘেরাও করতে বাধ্য হব”, বলেন তিনি।
একই দাবি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্য অংশের সভাপতি আব্দুস শহীদও।
বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “মাহফুজুর রহমানের বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আশা করছি, তদন্ত কর্মকর্তারা তার সঙ্গে কথা বলবেন।”
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, “মাহফুজুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। আমরা প্রকৃত খুনীদের শাস্তি চাই।”
মাহফুজুর রহমানকে ‘কাপুরুষ’ আখ্যায়িত করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ বলেন, মাহফুজুর রহমান বিদেশে গিয়ে যা বলেছেন, তাতে স্পষ্ট হয়ে গেছে- খুনের পেছনে কারা আছে।
মাহফুজুর রহমানের কাছে যদি কোনো ভিডিও থেকেই থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করে তা উদ্ধার এবং তাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মন্তব্য করেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাবলু।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া বলেন, মাহফুজুর রহমান যে ধরনের লোক, ঠিক সে ধরনের বক্তব্যই তিনি দিয়েছেন।
“তার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তাকে গ্রেপ্তার করা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক”, বলেন তিনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “আপনার (মাহফুজুর রহমান) কথায় মনে হচ্ছে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।”
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “তিনি (মাহফুজুর রহমান) হত্যার বিচারের কথা না বলে চরিত্র হননের চেষ্টা করছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন তা অসৌজন্যমূলক, অশালীন ও মানহানিকর।”
গত ২৬ মে দায়িত্ব পালনের সময় প্রথম আলোর তিন ফটো সাংবাদিককে পুলিশের মারধর এবং ২৮ মে মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনে এ অনলাইন সংবাদপত্রের সাংবাদিকদের ওপর হামলারও নিন্দা জানান সাংবাদিক নেতারা।
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য প্রয়োজনে আইন করার দাবিতে বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেয়ারও ঘোষণা দেওয়া হয় সমাবেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/জেকে/১৭২০ ঘ.
bdnews24