২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধন করেই দেয়াল প্রকাশ: হুমায়ূন

নিউ ইয়র্কে ফিরেই প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস ‘দেয়াল’ নিয়ে হাই কোর্টের আশার বিষয়ে কথা বললেন হুমায়ূন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, ০৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে ফিরেই প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস ‘দেয়াল’ নিয়ে হাই কোর্টের আশার বিষয়ে কথা বললেন হুমায়ূন আহমেদ। জন এফ কেনেডি বিমানবন্দরে রোববার মধ্যরাতে নেমে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, সংশোধন করেই উপন্যাসটি প্রকাশ করা হবে। গত ১৫ মে ‘দেয়াল’ সংশোধন করে প্রকাশের আশা প্রকাশ করে হাই কোর্ট। আদালত এ বিষয়ে লেখক হুমায়ূনকে সঠিক ইতিহাস কেন সরবরাহ করা হবে না, জানাতে শিক্ষা, তথ্য ও সংস্কৃতি বিষয়ক সচিবের প্রতি রুলও জারি করে। আদালতের ওই বক্তব্যের সময় ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় এই লেখক দেশেই ছিলেন। চিকিৎসার মাঝপথে কয়েকদিনের জন্য ফিরেছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাওয়া হলে হুমায়ূন বলেন, “অবশ্যই করা হবে। ভুল তথ্য মানুষকে জানাব কেন?” স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিষাদ ও নিনিতও এ সময় লেখকের সঙ্গে ছিলেন। কমলা রংয়ের টি শার্ট পরিহিত হুমায়ূনকে বিমানবন্দরে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল। তাকে স্বাগত জানাতে আসা প্রবাসীদের সঙ্গেও মন খুলে কথা বলেন তিনি। এই লেখককে দেখে বোঝাই যাচ্ছিল না যে, নয় দিন পর তার বৃহদান্ত্রের ক্যান্সারের অস্ত্রোপচার। হুমায়ূন আহমেদ জানান, দেশের মাটিতে নিজের হাতে গড়া নূহাশপল্লীতেই তিনি ২১ দিন কাটিয়েছেন। লেখালেখি করেছেন, ছবি এঁকেছেন। বাংলাদেশকে কেমন দেখলেন- জানতে চাইলে হুমায়ূন বলেন, “খুব ভাল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত।” শাওন জানান, ১২ জুন নিউইয়র্ক সিটির বেলভ্যু হাসপাতালে অস্ত্রোপচার হবে হুমায়ূনের। সোমবারই হাসপাতালে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হচ্ছে। একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত হুমায়ূন গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাওয়ার পর মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর গত এপ্রিলে তার এমআরআই করা হয়। এর প্রতিবেদন পর্যালোচনা করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন চিকিৎসকরা। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে জনপ্রিয় কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/২৩৪০ ঘ.