২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়া বনে ১১ প্রাণী অবমুক্ত

লোকালয়ে এসে ধরা পড়া ১১টি বন্যপ্রাণী সোমবার মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

মৌলভীবাজার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকালয়ে এসে ধরা পড়া ১১টি বন্যপ্রাণী সোমবার মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে। সংসদে চিফ হুইপ মো. আব্দুস শহিদ প্রাণীগুলোকে অবমুক্ত করে কয়েকটি বৃক্ষের চারাও রোপন করেন। মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শ্রীমঙ্গলের বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ এ আয়োজন করে। প্রাণীগুলো হল একটি অজগর, একটি শংখিনী সাপ, একটি গুই সাপ, একটি মেছো বাঘ, দুইটি লজ্জাবতী বানর, একটি গন্ধগোকুল, একটি বনবিড়াল, একটি তক্ষক ও দুইটি তুরকীবাজ পাখি। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাণীগুলো বন থেকে বেরিয়ে মানুষের হাতে ধরা পড়ে। কোনো কোনোটি মানুষের মারধরে আহত হওয়ায় ফাউন্ডেশনে চিকিৎসা দিয়ে সুস্থ ও চলাচল উপযোগী করে তোলা হয়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এ ধরনের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।” এ সময় উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক খান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল ইসলাম চৌধুরী, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.