চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর-রুনী হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
সোমবার সকালে শহরের প্রেসক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব যৌথভাবে এ মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাজাত হোসেন, সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ ও এমরান ফারুক মাসুম।
ঢাকায় প্রথম আলোর তিন আলোকচিত্রীসহ ছয় সাংবাদিকের ওপর পুলিশি হামলা এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়ে এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৬ ঘ.
bdnews24