২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী বাড়ছে

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী বাড়িয়ে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী বাড়িয়ে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘দি মেম্বার্স অব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিস) (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেইন ভূইঞা এ বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, পিএসসি চেয়ারম্যান ও সদস্যরা এতোদিন যে পদ থেকে আসতেন, সেই পদের বেতন-ভাতা ভোগ করতেন। এ কারণে সাংবিধানিক পদ হিসেবে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের বেতন কাঠামো পুনর্বিন্যস্ত করার দাবি জানিয়ে আসছিলেন তারা। খসড়া আইনটি পাস হলে পিএসসি চেয়ারম্যানের বেতন হবে মন্ত্রিপরিষদ সচিবের সমান (৪৫ হাজার টাকা)। আর পিএসসি সদস্যদের সচিবদের সমপর্যায়ের (৪০ হাজার টাকা) সম্মানী দেওয়ার প্রস্তাব করা হয়েছে অনুমোদিত খসড়ায়। মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়াটি জাতীয় সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ এবং ‘জাতীয় সমাজসেবা দিবস’ নামে আরো দুটি দিবস পালনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক (চাকুরির শর্তাবলী) আইন রাষ্ট্রীয় মালিকানার শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক (চাকুরির শর্তাবলী) আইন’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি ইতোমধ্যে অধ্যাদেশ আকারে জারির মাধ্যমে কার্যকর করা হয়েছে। জাতীয় সংসদের চলতি অধিবেশনে অধ্যাদেশটিকে আইন হিসেবে পাস করার জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রায়ত্ব শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকের জন্য গঠিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ পাঁচ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন চার হাজার ১৫০ টাকা মূল বেতন ধরা হয়েছে। “কমিশন নির্ধারিত কাঠামোটিকে আইনি কাঠামো দিতেই এ আইনটি উপস্থাপন করা হচ্ছে”, বলেন সচিব। মন্ত্রিসভার এ অনুমোদনের ফলে শ্রমিকরা ২০০৯ সালের ১ জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন-ভাতা ও অন্যান্য প্রান্তিক সুবিধা পাবেন। তবে এসব সুবিধা তাদের দেওয়া হবে চার কিস্তিতে। এসব শ্রমিক বকেয়া বেতনের প্রথম কিস্তি পাবেন আগামী সেপ্টেম্বর মাসে, দ্বিতীয় কিস্তি আগামী ২০১৩ সালের মার্চে, তৃতীয় কিস্তি একই বছরের জুলাইয়ে এবং চতুর্থ কিস্তি ডিসেম্বরে পাবেন। মূল বেতন ছাড়াও মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বাবদ ৭০০ টাকা, টিফিন ১৫০ টাকা, ধোলাই ভাতা ১৫০ টাকা, শিক্ষা সহায়ক ভাতা, দুটি উৎসব ভাতা ও গ্রাচুইটিসহ কাঠামো অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন শ্রমিকরা। প্রস্তাবিত নতুন মজুরি কাঠামোটি আইনে উল্লেখ করা থাকবে কিনা জানতে চাইলে সচিব বলেন, এটি কখনোই আইনে উল্লেখ করা থাকে না। তবে এ আইনের আলোকেই বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। ভিসা অব্যাহতি চুক্তিতে অনুসমর্থন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘ভিসা অব্যাহতি’ চুক্তিতেও অনুসমর্থন জানিয়েছে মন্ত্রিসভা। ২০১০ সালের অগাস্টে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট ব্যবহারকারী ব্যক্তিরা ভিসা ছাড়াই দুই দেশ সফরের সুযোগ পাবেন। এছাড়া প্রতি বছর ২ অক্টোবর ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ এবং ২ জানুয়ারি ‘জাতীয় সমাজসেবা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। উৎপাদন বৃদ্ধি এবং সমাজসেবায় সাধারণ নাগরিকদের উৎসাহিত করতেই প্রধানমন্ত্রীর আগ্রহে এ প্রস্তাব দুটি উপস্থাপন ও অনুমোদন করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৩২৫ ঘ.