ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি শ্রমিকদের ভিসা অনুমোদন দিতে ৬০ হাজার রিঙ্গিত ঘুষ নেওয়ার অভিযোগে মালয়শিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ওয়াহিদ মো. ডনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মালয়শিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ এ সংবাদ প্রকাশ করেছে।
এতে বলা হয়, প্রথমে নিম্ন আদালতের আদেশে এবং শেষ পর্যন্ত উচ্চ আদালতের রায়ে মালয়শিয়ার (ইমিগ্রেশন) অভিবাসন দপ্তরের মহাপরিচালককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দেশটির উচ্চ আদালত গত ৩০ মে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেয়।
দেশটিতে অবৈধভাবে কর্মরত বাংলাদেশসহ বিদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমার আওতায় ভিসা অনুমোদনকালে এ ঘুষ লেনদেনের ঘটনা ঘটে।
বারনামা জানায়, ৬পি কর্মসূচি তথা সাধারণ ক্ষমার আওতায় গত ১ আগস্ট ২০১১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অবৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া চলে। এ সময় শ্রমিকদের প্রথমে নিবন্ধন ও পরে নির্দিষ্ট কোম্পানির অধীনে চাকরির প্রমাণসহ ভিসা নবায়ন করতে হয়েছে। ওই সময়ই ঘুষ আদান-প্রদানের ঘটনা ঘটে।
আদালতে উপস্থাপিত অভিযোগে বলা হয়, ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ওয়াহিদ মো. ডন বাংলাদেশি শ্রমিকদের জন্য চার হাজার ৩৩৭টি ভিসার অনুমোদন দিয়ে ৬০ হাজার রিঙ্গিত ঘুষ গ্রহণ করেছেন। বাংলাদেশিদের ভিসা নবায়নকারী এজেন্ট দাতু সেরি লো চাং হিয়ান নামের একজন ব্যবসায়ীর কাছ থেকে ওই অর্থ ঘুষ নেন ওয়াহিদ।
অভিযোগ প্রমাণিত হলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রায় দিয়েছিল মালয়েশিয়ার সেশন কোর্ট। পরে সেশন কোর্টের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন ওয়াহিদ। শেষ পর্যন্ত হাই কোর্ট সেশন কোর্টের আদেশই বহাল রাখে।
হাই কোর্টের বিচারপতি মোহাম্মদ জাবিদিন তার রায়ে বলেন, ‘অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দিয়ে সেশন কোর্টের বিচারক কোনো ভুল করেননি। আমি তার রায়ের সঙ্গে একমত।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৩৩ ঘ.
bdnews24