ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১০ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম-সচিবসহ ২৩ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ জারি করে।
অতিরিক্ত সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত গোলাম মোস্তফা কামালকে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ফরহাদ উদ্দিনকে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ও আশীষ কুমার সরকারকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হুমায়ুন খালিদকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরদার আবুল কালামকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আমীর হোসেনকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সড়ক বিভাগের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিরীন আক্তার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামসুন্দর সিকদারের মধ্যে দপ্তর অদল-বদল করা হয়েছে।
বরিশালের বিভাগীয় কমিশনার পদে কর্মরত অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বদলি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে।
বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নূরুল আমিন।
এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান যুগ্ম-সচিব বেগম মমতাজ আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আসাদুল ইসলামকে একই মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ম-প্রধান করা হয়েছে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ম-প্রধান সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সরদার মো. শোয়েবকে ‘বেগমগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ’ প্রকল্পের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
এ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নূরুল আমিনকে ওএসডি করে কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করো হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু বকর সিদ্দিককে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক তৌহিদ হাসানাত খান।
নাটোরের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব জিয়াউল হাসানকে রাজশাহী রেশম বোর্ডের সদস্য করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মাহবুবুর রহমানকে প্রেষণে নিয়োগ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন) পদে।
বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে কর্মরত তিনজন সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এদের মধ্যে মেহেরপুর গাংনীর মনোয়ার হোসেনকে সাতক্ষীরা, খাগড়াছড়ির মানিকছড়ির মোহাম্মদ জাফর আলমকে ব্রাহ্মণবাড়িয়া এবং রাঙ্গামাটির বরকলের সাইফ উদ্দিন আহম্মদকে রাঙ্গামাটির এডিসি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯৪০ ঘ.
bdnews24