যশোর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাবের ওপর হামলার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে দুই থানার ওসিকে প্রত্যাহার করেছে পুলিশ কর্তৃপক্ষ।
যশোরের পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভয়নগর থানার ওসি আহসান হাবিব ও মনিরামপুর থানার ওসি মো. ছয়ের উদ্দিনকে প্রত্যাহার করে খুলনার ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ওহাব শনিবার সকাল তার নির্বাচনী এলাকা যশোরের অভয়নগর উপজেলার বিল কাপালিয়ায় নদী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্প টিআরএম-এর কাজ পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে।
এ সময় তিনি ছাড়াও অভয়নগর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেকসহ বেশ কজন আহত হন। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার সময় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করে দেখা হবে।”
জাতীয় সংসদের হুইপ ওহাব শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।”
তিনি জানান, সে সময় সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ অভয়নগর ও মনিরামপুর থানার ওসিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তাদের কাছে সাহায্য চাইলেও পুলিশ তাদের রক্ষায় এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন ওহাব।
হামলার ঘটনায় রোববার রাত ৮টায় যশোর সার্কিট হাউজে সংবাদ সম্মেলন ডেকেছেন হুইপ ওহাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২৩০ ঘ.
bdnews24