চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের আন্তঃসহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই পক্ষ লাভবান হতে পারে বলে মনে করেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব এস কে পান্ডা।
শনিবার নগরীর একটি হোটেলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমণ্ডলীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, উভয় দেশের মধ্যে সন্দেহ দূর করে পারস্পরিক সম্পর্কোন্নয়ন করা প্রয়োজন। এর মাধ্যমে উভয়পক্ষ লাভবান হবে।
ত্রিপুরার অর্থনৈতিক সম্ভাবনাগুলো কাজে লাগাতে চিটাগাং চেম্বারের নেতৃত্বে একটি বাণিজ্যিক প্রতিনিধিদলকে রাজ্য সফরের আমন্ত্রণ জানান এস কে পান্ডা।
বৈঠকে উপস্থিত সংসদ সদস্য এম এ লতিফ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে পারস্পরিক মতপার্থক্য ক্রমশ পরিবর্তন হচ্ছে।
পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দু’দেশের মধ্যে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো অপসারণ করা প্রয়োজন।
চেম্বার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম বলেন, বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাণিজ্যিক পরিবেশে টিকে থাকার সক্ষমতা অর্জনের জন্য পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা থাকতে হবে।
অন্যদের মধ্যে চেম্বারের পরিচালক, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য বিভাগের পরিচালক প্রভিন এল আগারওয়াল প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১০৯ ঘ.
bdnews24