২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তি ভারতের হাতে : গওহর রিজভী

তিস্তা চুক্তির ভবিষ্যৎ ভারত সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

লালমনিরহাট, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা চুক্তির ভবিষ্যৎ ভারত সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। শুক্রবার দেশের বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারেজ এবং আঙ্গরপোতা-দহগ্রাম ছিটমহল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের গওহর রিজভী বলেন, “ভারত সরকার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তেই এ চুক্তি হতে পারে। এতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো বাধা নেই।” তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তী চুক্তি গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। মনমোহনও হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক। তবে এরপর দুই পক্ষ থেকে শিগগিরই তিস্তা চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছিল। আঙ্গরপোতা-দহগ্রামবাসীর ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ -এর মানসিক নির্যাতনের অভিযোগ পেয়ে গওহর রিজভী বলেন, “আমরা এ নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করবো। এ জন্য একটু অপেক্ষা করতে হবে।” বর্তমানের সরকারের আমলে সাংবাদিক নির্যাতন বেশি হয়নি উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাংবাদিক নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি। আমাদের সময় দু-একটি বিচ্ছিন ঘটনা ঘটেছে। এ জন্য আমরা দুঃখিত।” দহগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমীন, দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান ও দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদক রেজানুর রহমান রেজা। এর আগে গওহর রিজভী পানবাড়ী বিজিবি ক্যাম্পে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/২০১৮ ঘ.