ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২২ মে ঢাকার আদালতে জানালা-দরজা ভাংচুরের মামলায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিনসহ ২৫ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
দ্রুতবিচার আইনে করা এই মামলায় বৃহস্পতিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. আজিজুল ইসলাম।
অভিযোগপত্রে ২৫ আসামির মধ্যে তিন জনকে পলাতক দেখানো হয়েছে। সাক্ষী করা হয়েছে ১৭ জনকে।
আসামিদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা এম মাসুদ আহমেদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, মহসীন মিয়া, ইকবাল হোসেন খানের নাম রয়েছে।
এয়াড়াও আসামি রয়েছেন- হেলাল উদ্দিন, মো. ফেরদৌস আলম, এরশাদুল আলম জর্জ, ওমর ফারুক ফারুকী, আবদুর নূর ভূইয়া বাবুল, আব্দুল খালেক মিলন, জালাল আহমেদ দোলন, মো. নূরুজ্জামান, জুলফিকার আলী সরদার, এম মাসুদ রানা, মো. মুজিবুর রহমান, খন্দকার দিদারুল ইসলাম, দিদার (ছোট), নূরুজ্জামান খান, জাফর, পাপ্পু।
এছাড়া সিমকি ইসলাম, কামাল হোসেন ও শামীমা আক্তারকে পলাতক দেখানো হয়েছে।
অভিযোপত্র দাখিলের প্রতিক্রিয়ায় ঢাকা বারের সভাপতি ও আসামি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগপত্রে আমাকে জড়ানোর অর্থ বারের সব আইনজীবীকে জড়িয়ে ফেলা। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মামলাটি প্রত্যাহারের, রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও এ বিষয়ে একমত হয়েছিলেন। কিন্তু অভিযোগপত্র দাখিল করে সব আইনজীবীকে অপমান করা হয়েছে।”
হরতালের এশটি মামলায় হরতালের মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা, সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকনের জামিন নাকচে বিক্ষুব্ধ আইনজীবীদের মিছিলের সময় গত ২২ মে ঢাকার মহানগর দায়রা জজ এবং জেলা জজ আদালতের সাঁটলিপিকারের কার্যালয়ের কাচের জানালা এবং দরজা ভাংচুর হয়।
ওই রাতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন ২৯ জন আইনজীবীর নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করেন।
মামলার পর আওয়ামী লীগ সমর্থক জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বিএনপি সমর্থক আইনজীবীদের কয়েক দফায় বৈঠক হয়েছিল। কিন্তু অভিযোগপত্র দাখিল হওয়ায় মীমাংসার উদ্যোগ দৃশ্যত বিফল হল।
এ বিষয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে। আপস করা যায় কি না, তা নিয়ে বৈঠক হলেও আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।”
মামলায় আসামিদের অধিকাংশ গত ২৭ মে হাই কোর্ট থেকে ১০ দিনের জামিন পেয়েছিলেন। অভিযোগপত্র দাখিলের আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সহিদুল ইসলাম আগামী ৩ জুন শুনানির দিন রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২১০ ঘ.
bdnews24