২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি উত্তর ও দক্ষিণে নতুন প্রশাসক

ডিসিসি উত্তরের প্রশাসক হলেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান মোল্লা। ডিসিসি দক্ষিণে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন গৃহায়নের অতিরিক্ত সচিব জিল্লার রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। ডিসিসি উত্তরের প্রশাসক হয়েছেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান মোল্লা। ডিসিসি দক্ষিণের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিল্লার রহমান। আগের দুই প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার দিন বৃহস্পতিবার অতিরিক্ত সচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তাকে প্রেষণে বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হল। তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এদিন তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। গত নভেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর-দক্ষিণে ভাগ করার বিল সংসদে পাস হওয়ার কয়েকদিনের মধ্যে ঢাকা দক্ষিণের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত সচিব খলিলুর রহমানকে। উত্তরের সচিবের দায়িত্ব পান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী। তাদের ১৮০ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, যে মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। খলিলুর রহমানকে এখন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিসিসিতে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ছিলাম। খোরশেদ আলম এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্বে গেলেন। তিনি ডিসিসিতে এসেছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে, সেখানে মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন বিল বিএনপির প্রবল আপত্তির মধ্যেই গত ২৯ নভেম্বর সংসদে পাস হয়। এর প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি হরতাল ডাকে। তার মধ্যেই গত ৪ ডিসেম্বর প্রশাসক নিয়োগ দেয়। আইন অনুযায়ী, অনির্বাচিত প্রশাসক ১৮০ দিনের বেশি দায়িত্বে থাকতে পারেন না। ডিসিসি ভাগের পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও উচ্চ আদালতের স্থগিতাদেশে তা আটকে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১১৪ ঘ.