২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক মামলায় ফখরুলদের বিরুদ্ধে অভিযোগপত্র

সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের এক মাসের মাথায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 05:23 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের এক মাসের মাথায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন ও তথ্য) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৩ (ক) ও ৬ ধারায় এই অভিযোগপত্র দাখিল করেন। মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক এই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি করার জন্য ২৬ জুলাই দিন রেখেছেন। মির্জা ফখরুলসহ আসামিদের অধিকাংশই এই মামলায় পুলিশ প্রতিবেদন পর্যন্ত জামিন পেয়েছিলেন হাইকোর্ট থেকে। হরতালে গাড়ি পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনের আরেক মামলায় তারা কারাগারে আছেন। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামানিক। মামলার এজাহারে মির্জা ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, শাম্মী আখতার, নিলুফার ইয়াসমীন মনি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কামরুজ্জামান রতন, যুবদলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সুলতান সালাহউদ্দিন টুকু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থসহ ২৮ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে এর সঙ্গে যুক্ত হয়েছে ধানমন্ডির তোফাজ্জল হোসেন ভূইয়া বাদলের নাম। অভিযোগপত্রে বলা হয়, আতঙ্ক সৃষ্টি, সরকারি গুরুত্ব¡পূর্ণ স্থাপনার ক্ষতিসাধন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের জন্য দুই যুবক মোটরসাইকেলে করে সচিবালয়ে গিয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে, প্ররোচনা, উস্কানি ও আর্থিক সহযোগিতায় এ হামলা চালানো হয়। বিস্ফোরক দ্রব্য সংগ্রহেও তারা সহযোগিতা দেয়। আসামিদের মধ্যে ২৫ জন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্টের তৃতীয় বেঞ্চ গত ১৪ মে তাদের পুলিশ প্রতিবেদন পর্যন্ত জামিন দেয়। এর আগে হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায়ও ফখরুলসহ ১৮ দলীয় জোটের ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে বিরোধী দলের অধিকাংশ নেতাকে কারাগারে পাঠানো হয়, যদিও পরে পাঁচ সংসদ সদস্যের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১১১০ ঘ.