ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বন্টন চুক্তিকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানি বন্টনের চুক্তি সম্পাদনে সরকার জোর চেষ্টা চালাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।
বিএনপি’র শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান সরকার তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদনকে অগ্রাধিকার দিয়ে গোমতীসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টনের চুক্তি সম্পাদনের লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
“অচিরেই সমতা, ন্যায়ানুগতা ও পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে এসব নদীর পানি বন্টন চুক্তি সম্পাদন সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।”
তিনি জানান, গঙ্গার পানি বন্টন চুক্তির ৯ নং অনুচ্ছেদের আলোকে তিস্তার পানি বন্টনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে ৫৩টি অভিন্ন নদীর স্থায়ী/দীর্ঘমেয়াদী পানি বন্টন ফর্মুলা প্রণয়নের লক্ষ্যে দুই দেশের পানি সম্পদ সচিবের নেতৃত্বে একটি যৌথ বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়। যৌথ বিশেষজ্ঞ কমিটি তিস্তার পানি বন্টনকে অগ্রাধিকার দিয়ে প্রথম পর্যায়ে মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমার ও ফেণী নদীর পানি বন্টন ফর্মুলা প্রণয়নের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত নেবে না ভারত
হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভারত ৩৭টি নদীর ৩০টি সংযোগের মাধ্যমে আন্তঃবেসিন পানি স্থানান্তরের একটি মহা পরিককল্পনা করা হয়েছে বলে জানা যায়। এই ৩০টি নদী সংযোগের মাধ্যমে ১৪টি হিমালয়ান নদী ও ১৬টি পেনিনসুলার নদীর সংযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
এ প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্রের পানি গঙ্গায় স্থানান্তর করারও পরিরকল্পনা রয়েছে বলে জানা যায়।
গত ৭ মে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত জয়েন্ট কনসালটেটিভ কমিশন-এর বৈঠকে ভারত বাংলাদেশকে আবারো আশ্বস্ত করে যে, আন্তঃনদী সংযোগ প্রকল্পের আওতায় হিমালয় নির্ভর নদীর বিষয়ে ভারত একক সিদ্ধান্তের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেবে না, যা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়।
এ সময় রমেশ চন্দ্র সেন ২০১০ সালের ১৭-২০ মার্চ নয়া দিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশন বৈঠকের তথ্য তুলে ধরে জানান, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে জানিয়েছে, হিমালয় নির্ভর নদীর বিষয়ে ভারত একক সিদ্ধান্তের ভিত্তিতে কোনো পদক্ষপ গ্রহণ করবে না, যা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়।
এর আগে গত ৬ মার্চ প্রস্তাবিত আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নোট ভারবাল-এর মাধ্যমে বাংলাদেশের গভীর উদ্বেগের কথা ভারত সরকারকে জানিয়েছে। দেশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে এমন কার্যক্রম না নেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধও জানানো হয়।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএ/২১৩০ ঘ.
bdnews24