২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে দুই জেলায় স্বামী দণ্ডিত

স্ত্রী হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির মৃত্যুদণ্ড এবং কিশোরগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির মৃত্যুদণ্ড এবং কিশোরগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, দণ্ডিত বাইরুল ইসলাম (২২) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল-হঠাৎপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ শাহদানী বুধবার এ রায় দেন। মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক কলহরে জের ধরে ২০০৮ সালের ২৫ ডিসেম্বর রাত ১২টার দিকে বাইরুল তার স্ত্রী তাজেনুরকে (২০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন তাজেনুরের বাবা হায়াত আলী বাদী হয়ে বাউলের বিরুদ্ধে নাচোল থানায় হত্যা মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, রতন মিয়াকে (৩৬) যাবজ্জীবন দণ্ড ছাড়াও পাঁচ হাজার টাকা জারিমানা করা হয়। এ টাকা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া হত্যার পর লাশ গুম করার দায়ে তাকে আরো সাত বছর সশ্রম কারাদণ্ড হয়। তাছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ বুধবার এ রায় দেন। দণ্ডিত রতন কুলিয়ারচর উপজেলার বড়চর গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি এখন জেলা কারাগারে আটক রয়েছেন। উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে বলে জানানো হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৬ এপ্রিল রাতে রতন মিয়া স্ত্রী তাসলিমাকে নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। উপজেলার বালুরচর চাতলবিল এলাকায় রতন তাসলিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর লাশ পাশের একটি ধানক্ষেতে লুকিয়ে রেখে পালিয়ে যান। পরদনি স্থানীয় গ্রাম পুলিশ ঝাড়– মিয়া কুলিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.