ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে তামাকবিরোধী আন্দোলনের লক্ষ্য অর্জনে সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়াতে আন্দোলনকর্মীদের পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রাক্কালে বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “সংশোধিত তামাকবিরোধী আইন পাস করার ব্যাপারে শিগগিরই সংসদে আলোচনা করবো আমরা।”
অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ্য প্রতিবেদক নুরুল ইসলাম হাসিবসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের পাঁচ প্রতিবেদককে তামাকবিরোধী শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আয়োজক সংগঠন প্রজ্ঞা-নলেজ ফর প্রোগেসের একটি উপস্থাপনায় বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কৌশল কীভাবে তামাক ও তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর হস্তক্ষেপে অকার্যকর হয়ে পড়ছে সে বিষয়টি তুলে ধরা হয়।
বাংলাদেশে তামাকবিরোধী আন্দোলনকারীরা তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তবে তামাকশিল্পে জড়িত প্রতিষ্ঠানগুলোর হস্তক্ষেপে এটি বারবার পিছিয়ে যাচ্ছে।
প্রতি বছরই হাতে বানানো বিড়ি তৈরিতে জড়িত ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্যের উপর কর মওকুফের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সংসদ সদস্যদের মাধ্যমে সুপারিশ করিয়ে থাকেন।
তবে এবছর এ ধারার একটি পরিবর্তন দেখা গেছে। ৩১ জন সংসদ সদস্য তামাক ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর ব্যাপারে এনবিআর ও অর্থমন্ত্রীর কাছে সুপারিশ জানিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, “বাজেট অধিবেশনে এ বিষয়ে কথা বলবো আমরা।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও নারী ও শিশুর বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী।
তামাকশিল্পের প্রতিষ্ঠানগুলোর চাপের কাছে আর নতি স্বীকার না করার অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, “আমরা অতি শিগগিরই কঠোর তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করবো। এটা এখন শুধু সময়ের ব্যাপার। তাদের চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না।”
অনুষ্ঠানে আইন প্রণেতাদের সহানুভূতি আদায়ে তামাকশিল্প প্রতিষ্ঠানগুলোর ‘কৌশল’কে ‘ভেড়ার বেশে নেকড়ে’র সঙ্গে তুলনা করেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশ’র সমন্বয়ক তাইফুর রহমান।
তিনি বলেন, “তামাক হলো একমাত্র বৈধ পণ্য যা প্রাণঘাতী।”
তামাক নিয়ন্ত্রণ বিষয়ে সাংবাদিকতার পুরস্কারের জন্য গঠিত নয় সদস্যের বিচারকমণ্ডলীর প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনকে ‘ধুমপানমুক্ত’ ভবন ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিগারেট-বিড়ি বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার
বাংলা সংবাদপত্রে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন ভোরের কাগজের মাহমুদ মনি। ইংরেজি সংবাদ মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ্য প্রতিবেদক নুরুল ইসলাম হাসিব।
টেলিভিশনে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন দিগন্ত টেলিভিশনের এমএম বাদশা। রেডিওতে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য এবিসি রেডিওর শাহনাজ শারমিন পুরস্কার পেয়েছেন। এছাড়া আঞ্চলিক সংবাদপত্রে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন সোনালী সংবাদের মাহতাব চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এসইউ/১৮১৯ ঘ.
bdnews24