২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তান-বোন-ভাগ্নি হারিয়ে বাকরুদ্ধ জাকির

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী, সন্তান, বোন, ভাগ্নিসহ পরিবারের নয় সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শরীয়তপুরের জাকির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

শরীয়তপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী, সন্তান, বোন, ভাগ্নিসহ পরিবারের নয় সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শরীয়তপুরের জাকির হোসেন। বুধবার ভোর ৬টার দিকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকামুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাইক্রোবাসের ১২ যাত্রী। নিহতদের নয় জনই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আর্শিনগর ইউনিয়নের চেয়ারম্যান ও সখিপুর থানা বিএনপির সভাপতি জাকির হোসেন সরদারের পরিবারের সদস্য। বাকি তিনজনের দুজন ওই পরিবারেরই গৃহকর্মী এবং অন্যজন গাড়িচালক। নিহতরা হলেন জাকিরের স্ত্রী বেবী (৪৫), মেয়ে নবম শ্রেণির ছাত্রী দিলরুবা আক্তার লুবনা (১৫), বোন মিনা বেগম (৫০), আরেক বোন রোজিনা আক্তার (৩৮), ভগ্নিপতি (রোজিনার স্বামী) লেলিন (৪০), ভাগ্নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র সায়েম হাসান বাবু (২৫), ভাগ্নে ইয়াস (১০), ভাগ্নি তানজিয়া আক্তার মনি (১১), ভাগ্নে ইসরাত (২)। নিহত দুই গৃহকর্মী হলেন মনি (১২) ও খুশি আক্তার (১৫)। নিহত গাড়িচালক হলেন সোহেল রানা। জাকির সরদারের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার ধানমণ্ডি থেকে গ্রামের বাড়ি শরীয়তপুরের চর ফেলিজ আসছিল তারা। দুর্ঘটনায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সখিপুর থানার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই যান জাকির হোসেনের বাড়িতে। একসঙ্গে এতো স্বজনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন জাকির হোসেন সরদার। বার বার তিনি মুর্ছা যাচ্ছেন। আর বুক চাপড়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। নিহত দুজন ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ন কবীর মোল্লার আত্মীয়। বড় ভাইয়ের স্ত্রী মিনা বেগম ও ভাতিজা বাবুর মৃত্যুতে শোকগ্রস্ত হুমায়ন বলেন, শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এক পরিবারের এত মানুষের মৃত্যু হয়নি। নিহতদের লাশ ঢাকার মিঠফোর্ড হাসপাতাল থেকে বিকাল ৩টায় হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের লাশ শরীয়তপুরে নেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭৪৩ ঘ.