২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ভাঙচুর: সাকার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছালো

সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় বিএনপিনেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় বিএনপিনেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সাকা চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির না করায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন দিন আগামী ৩ জুলাই নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদেরের বিচার কার্যক্রম চলায় তাকে মঙ্গলবার আদালতে হাজির করা যায় নি। তিনি জানান, এছাড়া দুই মামলার অভিযোগ থেকে উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে বাদ দেওয়ায় তাকে অন্তর্ভুক্ত করতেও রাষ্ট্রপক্ষে আবেদন করা হয়। এর পুলিশি প্রতিবেদন এখনো আসেনি। আইনজীবী আবুল হাশেম জানান, এ কারণে বিচারক আগামী ৩ জুলাই অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেছেন। এর আগেও কয়েকদফা অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছিল। এ দুটি মামলায় জামিনে থাকলেও একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় ঢাকায় কারাগারে আটক রয়েছেন সাকা চৌধুরী। ২০১০ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে একটি লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে সাকা চৌধুরীর অনুসারীরা। সে সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সাকা চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। বিশেষ ক্ষমতা আইনে করা ওই দুটি মামলায় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছিল। সাকা চৌধুরীকে ‘হয়রানি করার প্রতিবাদে’ তার সমর্থকরা এ ভাঙচুর চালায় বলে পুলিশের অভিযোগ। সীতাকুণ্ড থানার এসআই খাদেমুল বাশার গত বছরের ১২ নভেম্বর সালাউদ্দিন কাদেরসহ নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১৮ ঘ.