ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় একটি মালবাহী ট্রেনের চারটি কনটেইনার লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও চাঁদপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে সোমবার মধ্যরাত থেকে। বাতিল করা হয়েছে ৯টি ট্রেনের যাত্রা।
কুমিল্লা স্টেশনের সহকারী মাস্টার আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে রাত ১টার পর ময়নামতি ও পাদুয়াবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় একটি মালবাহী ট্রেনের ৪টি কনটেইনার লাইনচ্যুত হয়।
কনটেইনার সরানো সম্ভব না হওয়ায় ওই পথে তখন থেকেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
রেলমন্ত্রী ওবায়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সব সময় যোগাযোগ রেখেছি। উদ্ধার তৎপরতা চলছে। আশা করছি শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে লাকসাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। কনটেইনার সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।”
রেল কর্মকর্তারা জানান, কনটেইনারবাহী ট্রেনের অতিরিক্ত ভারে লাইনের স্লিপার ভেঙে যায়। এর ফলে চারটি কনটেইনার লাইনচ্যুত হয় এবং প্রায় ২ হাজার ফুট রেলপথ ক্ষতিগ্রস্থ হয়।
এ ঘটনায় কুমিল্লা, আখাউড়া ও লাকসাম স্টেশনে ৬টি ট্রেন আটকা পড়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কুমিল্লার স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে রাতে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা তূর্ণা নিশিথার যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইনটুকু পার করানো হয়। তারপর তাদের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তূর্ণা নিশিথায় করে চট্টগ্রামে পাঠানো হয়। এই ট্রেনের যাত্রীদেরও একইভাবে ওপারের ট্রেনে করে ঢাকায় পাঠানো হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময়ের সাড়ে পাঁচ ঘণ্টা পর বেলা সাড়ে বারটার দিকে রওনা হলেও কুমিল্লায় আটকা পড়ে।
জাকির হোসেন বলেন, “আমরা আশা করছিলাম, ট্রেনটি কুমিল্লা পৌঁছানোর আগেই লাইন ঠিক হয়ে যাবে।”
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান জানান, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে পাঁচটি, চট্টগ্রাম-সিলেট লাইনের তিনটি এবং সিলেট-চট্টগ্রাম রুটের একটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসএইচএ/জেকে/১৭১০ ঘ.
bdnews24