নারায়ণগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার কাঠেপুল এলাকায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সোমবার সাংবাদিক-পুলিশসহ অন্তত ৩০জন আহত হয়েছেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
রাত সাড়ে ১১টা পর্যন্ত কারখানায় বিকেএমইএ, মালিক, শ্রমিক ও পুলিশ প্রশাসনের বৈঠক চলছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার কাঠেপুল এলাকায় রপ্তানীমুখী পোশাক কারখানা মেট্রো নিটওয়্যার লিমিটেড এর মহিলা শ্রমিকদের নামায ঘরে কারখানার জিএম (প্রশাসন) এর প্রবেশকে কেন্দ্র করে বিকেলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ এবং ভাঙচুর চালায়।
কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয় প্রায় তিন হাজার শ্রমিক। ঘটনার পর সমঝোতার জন্য বিকেএমইএ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কারখানার ভেতরে বৈঠক বসে।
রাত ৯টার দিকে অন্য কারখানার শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে মেট্রো নিটওয়্যার কারখানার শ্রমিকদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে অন্যান্য কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাকেল নিক্ষেপ।
পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুুলেট নিক্ষেপ করে।
সংঘর্ষে সাংবাদিক পুলিশসহ ৩০ জন আহত হন।
শ্রমিকদের অভিযোগ, কারখানার জিএম প্রায়ই মহিলা শ্রমিকদের নামায ঘরে ঢুকে দেখেন কোনো শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান করছে কি না। এছাড়া কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করে।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে শ্রমিকদের স্বজনরা কারখানার বাইরে জড়ো হন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে।
এব্যাপারে বিকেএমইএ’র শ্রমিক সম্পর্কিত কমিটির চেয়ারম্যান জিএম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা নামাযের অজুহাত দেখিয়ে ঠিকমতো কাজ করছিল না। কোনো কোনো শ্রমিক নামাজের নামে কাজে ফাঁকি দেয়। তাদের শনাক্ত করতে গেলেই এই সমস্যার সৃষ্টি হয়।
বিষয়টি মীমাংসার জন্য বিকেএমইএ, কারখানার মালিক, শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক চলছিল।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে তিনি স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০১০১ ঘ.
bdnews24