ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুর চিকিৎসা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মো. মিজানুর রহমান সোমবার এই আদেশ দেন।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- অর্গানাইজেশন ফর চিলড্রেন কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের (অর্কিড) চেয়ারম্যান উম্মে কুলসুম কলি ওরফে কলি শামস, সহ- সভাপতি কাজি জিয়া শামস, মহাসচিব জিয়াউন নাহার, বর্তমান মহাসচিব নুসরাত জাহান, কোষাধ্যক্ষ রওশন আরা মজুমদার, কার্যনির্বাহী সদস্য জোহরা বেগম, রেজাউল হোসেন ও বেবী তাবাসসুম
মামলার বাদি অ্যাডভোকেট মো. শাকের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের ৪ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়েরের পর আসামিদের আদালতে তলব করা হয়। কিন্তু তারা হাজির না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।”
মামলার আরজিতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ও মানবহিতৈষী কর্মকাণ্ডের কথা বলে অনুদান রশিদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন।
“তারা অটিস্টিক শিশুদের অভিভাবকদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসের বরখেলাপ করে ওই টাকা আত্মসাৎ করেন।”
শাকের হোসেন জানান, তার ছয় বছরের ছেলে সৈয়দ মাহফুজুর রহমান শাকিবকে চিকিৎসা দেওয়ার কথা বলে আসামিরা তার কাছ থেকে এক লাখ টাকা নেন। পরে বিভিন্নভাবে তারা আরো দেড়লাখ টাকা দাবি করেন।
আরো অনেকের কাছ থেকেই তারা একইভাবে টাকা হাতিয়ে নিয়েছে বলেও মামলায় অভিযোগ করেছেন বাদি।
অটিস্টিক শিশুদের ভর্তির নামে অনুদান রশিদের মাধ্যমে এ টাকা নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “পরে যথাযথ চিকিৎসা না দিয়ে নানা ধরনের তালবাহানা করতে থাকে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24