ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারমাণবিক দুর্ঘটনার জন্য তদারককারী বিদেশি প্রতিষ্ঠানকে দণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ বিল’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
প্রস্তাবিত আইনে প্রযুক্তি চুরি এবং গুপ্তচরবৃত্তির জন্য কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান রোববার সংসদে বিলটি উত্থাপন করেন। সাত দিনের মধ্যে যাচাই-বাছাই করার জন্য তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
গত ২৯ মার্চ মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইনের খসড়া অনুমোদন হয়। এরপর তা পাসের জন্য সংসদে তোলা হল।
পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে এই সংক্রান্ত আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হল।
দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গত বছরের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে ‘সহযোগিতা চুক্তি’ করে বাংলাদেশ। এই প্রকল্প বাস্তবায়ন করছে আনবিক শক্তি কমিশন।
এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে পাঁচ বছরের মধ্যে তা শেষ করার আশা করছে সরকার।
প্রস্তাবিত আইনে দুর্ঘটনার জন্য অপারেটরদের দায়ী করে বলা হয়েছে, “নিউক্লীয় স্থাপনার অপারেটর বা বিদেশি অপারেটর কেবল নিউক্লীয় ক্ষতির জন্য দায়ী হবে। তবে সে ক্ষেত্রে প্রমাণিত হতে হবে যে অপারেটর বা বিদেশি অপারেটর কর্তৃক পরিচালিত নিউক্লীয় স্থাপনায় কোনো নিউক্লীয় ঘটনার ফলে ক্ষতি হয়েছে।”
‘দায়-দায়িত্বের পরিমাণ’ শিরোনামে বলা হয়েছে, “প্রতিটি নিউক্লীয় ঘটনার বিষয়ে দায়ের সর্বোচ্চ পরিমাণ হবে বাংলাদেশি টাকায় তিনশ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইট (ঝউজ) এর সমতুল্য বা সরকার কর্তৃক প্রজ্ঞাপন দ্বারা দায় এর সুনির্দিষ্ট পরিমাণ এবং প্রতিটি একক নিউক্লীয় ঘটনার জন্য একজন অপারেটর বা বিদেশি অপারেটরের দায় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।”
বিলে ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ গঠনের কথা বলা হয়েছে। এতে একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য থাকবেন।
কর্তৃপক্ষের কাজ হবে পারমাণবিক নিরাপত্তা, বিকিরণ সুরক্ষা, নিরাপত্তা, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ এবং ভৌত সুরক্ষা সম্পর্কিত বিধান যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা নিশ্চিত করা। মাটি, পানি ও বায়ু এবং মানুষ ও জীবজন্তুর আহারের ওপর তেজস্ক্রিয়তার মাত্রা নির্ধারণও কর্তৃপক্ষের কাজ হবে।
কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অপারেটর কোনো পারমাণবিক স্থাপনা ও বিকিরণ স্থাপনার স্থান নির্ধারণ, নকশা প্রণয়ন কিংবা তেজস্ক্রিয় বর্জ্যরে অপসারণ করতে পারবে না।
এই বিলের ২৯ ধারায় বলা আছে, তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি দায়ী থাকবে।
প্রস্তাবিত আইনে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। যন্ত্রপাতি ও প্রযুক্তি চুরির জন্য সর্বোচ্চ শাস্তি হবে। সেইসঙ্গে ২২ লাখ টাকা জরিমানা হবে। গুপ্তচরবৃত্তির সর্বোচ্চ শাস্তি হবে ১০ বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১১০ ঘ.
bdnews24