ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে অস্থিতরতার পেছনে ‘ইন্ধন’ ও ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তবে কারা এই উস্কানির সঙ্গে জড়িত তা জানাননি মন্ত্রী।
রোববার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্ট সেক্টরের অস্থিরতা নিরসন বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে মোশাররফ বলেন, “এই সেক্টরের অস্থিরতার পেছনে কারা জড়িত তা চিহ্নিত করতে এবং সমস্যাগুলো খতিয়ে দেখতে পাঁচটি অঞ্চলের জন্য গঠিত পাঁচটি সংকট ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) বৈঠক ডাকার সিদ্ধান্ত হয়েছে।”
দুয়েকদিনের মধ্যেই বৈঠক ডেকে এর পেছনে কারা জড়িত ও সমস্যাগুলো কি- তা চিহ্নিত করা হবে বলেও জানান তিনি।
চলতি মাসের শুরুতে আশুলিয়ায় এক শ্রমিককে মারধরের জের ধরে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকরা ওই এলাকার বিভিন্ন কারখানায় ব্যাপক ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সড়ক অবরোধের মুখে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। উদ্ভূত পরিস্থিতিতে সেখানকার সবকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ ছাড়া নারায়ণগঞ্জের একটি গার্মেন্টের শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভরত শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তারা সড়ক অবরোধ করে রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/এএল/১৫৪৩ ঘ.
bdnews24