২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি ভাড়া বৃদ্ধির প্রভাব পড়ছে না: শাজাহান খান

দেশের বিভিন্ন নৌপথে ধাপে ধাপে ফেরিভাড়া বাড়ানোর ফলে নৌ-যোগাযোগে এর কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

মাদারীপুর, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন নৌপথে ধাপে ধাপে ফেরিভাড়া বাড়ানোর ফলে নৌ-যোগাযোগে এর কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার মাদারীপুরে তিনি বলেন, “আমরা কমিটি করে ক্রমান্বয়ে ফেরিভাড়া বৃদ্ধি করেছি। এতে সারাদেশে নৌযোগাযোগে এর কোনো প্রভাব পড়বে না।” মাদারীপুর সার্কিট হাউজে মাওয়া-কাওরাকান্দিসহ দেশের সব নৌপথে ১০ শতাংশ ফেরিভাড়া বৃদ্ধি করা প্রসঙ্গে শাজাহান খান একথা বলেন। “তেলের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে, সেই অনুপাতে ফেরিভাড়া বাড়েনি,” বলেন তিনি। বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাট ব্যবস্থাপক আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরিতে বড় বাস থেকে শুরু করে প্রাইভেট কার পর্যন্ত পরিবহন ভেদে সর্বোচ্চ ১৪৫ টাকা থেকে সর্বনিু ৩৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের ভাড়া বেড়েছে দুই টাকা। তবে, রিক্শা ও ভ্যানের ভাড়া ১২০ টাকা বহাল রয়েছে সকাল থেকেই এই নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে আব্দুল বাতেন জানান। এদিকে, ফেরি ব্যবহারকারীরা মন্ত্রী ও ঘাট কর্তৃপক্ষের কথা ঠিক নয় বলে দাবি করেন। ঢাকা থেকে মাদারীপুর আসা সার্বিক পরিবহনের যাত্রী পিয়াস মোল্লাসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রীরাতো সরকারি খরচেই নৌপথে ফেরি পাড় হন। তাদের কোনো সমস্যা হয় না। সমস্যা হয় আমাদের। তারা আশংকা প্রকাশ করেন, গত কয়েকমাসে মাদারীপুর-ঢাকা বাস ভাড়া ১৪০ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১৮০ টাকায়। দু’দিন পর হয়তো তা হবে ২০০ টাকা। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষক বশীর আহম্মদ বলেন, “হঠাৎ ফেরিভাড়া ১০ শতাংশ বৃদ্ধি করার ফল গণপরিবহন ব্যবহারকারী সাধারণ নাগরিকদেরই বহন করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১০০ ঘ.