২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতন: ৯ পুলিশ বরখাস্ত

আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের সময় তিন সাংবাদিককে নির্যাতনের ঘটনায় নয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের সময় তিন সাংবাদিককে নির্যাতনের ঘটনায় নয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার শহীদুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক জহিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক শফিকুর রহমান ও নাজমুল ইসলাম, কনস্টেবল মতিউর রহমান, আব্দুর রাজ্জাক, মো. শাহজাহান, মো. জয়নাল, রতন ও জাহাঙ্গীর। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “দুপুরের ওই ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেয়।” বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার দুপুরে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় দায়িত্ব পালনকালে প্রথম আলোর তিন আলোকচিত্রীকে মারধর করে পুলিশ সদস্যরা। তারা হলেন- খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিম। প্রথমে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলেও বিকেলে তাদের বেসরকারি হাসপাতাল ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। এদিকে এই তিন সাংবাদিককে দেখতে রাতে হাসপাতালে যান তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এ ব্যাপারে সহকারী কমিশনার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঘটনাটি দুঃখজনক। না জেনেই পুলিশ সদস্যরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।” অবশ্য প্রথম আলোর প্রতিবেদক খালেদ সরকার সাংবাদিকদের জানান, পত্রিকাটির আলোকচিত্রী বিক্ষোভের ছবি তোলার সময় কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হন। তখন তিনিসহ আরো একজন সাংবাদিক এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। জাহেদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ তাদের মারতে মারতে থানায় নিয়ে হাজতে ঢুকিয়ে রাখে। সাজিদ হোসেন জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের ছবি তুলতে র‌্যাবের গাড়ির পেছনে পেছনে উল্টোপথে মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুলিশ তার ওপর হামলা চালায়। “তারা আমাকে লাঠি এবং অস্ত্রের বাট দিয়ে পেটাতে থাকে। এক পর্যায় লাথিও মারে। এছাড়া তারা অকথ্য ভাষায় গালাগাল করেছে,” বলেন সাজিদ। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে শহীদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এতে আর যারা জড়িত ছিল, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিকদের পেটানোর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরেশিকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/এএল/১৪৪১ ঘ.