২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পল্লীকবি সংগ্রহশালার ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি

ফরিদপুর শহরতলির গোবিন্দপুরে পল্লীকবি জসীম উদদীন সংগ্রহশালার মিলনায়তনের ছাদ ধসে বৃহস্পতিবার ২১ নির্মাণ শ্রমিক আহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ফরিদপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরতলির গোবিন্দপুরে পল্লীকবি জসীম উদদীন সংগ্রহশালার মিলনায়তনের ছাদ ধসে বৃহস্পতিবার ২১ নির্মাণ শ্রমিক আহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায়, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাওসার আলী মোল্লা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. আব্দুল্লাহ্ আদ্-দাদ এবং জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত) আতাউর রহমান। কমিটির প্রধান জাহাঙ্গীর হোসেন জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। নির্মাণাধীন মিলনায়তনের ছাদ ধ্বসের খবর পেয়ে শুক্রবার জাতীয় জাদুঘরের সচিব মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিরাজুল হক তালুকদার জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহত ২১ জনের অবস্থা উন্নতির দিকে । দুইএক দিনের মধ্যে তারা হাসপাতাল থেকে ছাড়া পাবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাসপাতালে আহতদের দেখতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯২০ ঘ.