কক্সবাজার, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়কে ডাকাতির সময় ছুরিকাঘাতে এক বাসযাত্রী নিহত হয়েছেন।
এছাড়া ডাকাতদের মারধর ও ছুকিাঘাতে অন্তত ৩০ জন আহত হন।
চকরিয়া-মগনামা সড়কে বৃহস্পতিবার রাতে ১০টি যানবাহনে ডাকাতি হয়।
নিহত সবুজ দাশ (২৫) উপজেলার পেকুয়া বাজারের একজন ব্যবসায়ী। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজিররাস্তার অরুণ দাশের ছেলে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরইতলী মছইন্যাকাটায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ ডাকাতি হয়।
আহতদের মধ্যে আটজনকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বাসচালক মামুন (৩৮), সহকারী মুজিব (৫৫), যাত্রী নয়ন (৩০) ও ডা. প্রদীপ (৪২)।
ওসি মোহাম্মদ ফরহাদ সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের বহদ্দারহাট থেকে একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা ৭টার দিকে পেকুয়ার উদ্দেশে ছেড়ে আসে। রাত ১০টার দিকে বুড়ির দোকান এলাকায় এলে যাত্রীবেশে ওঠা পাঁচ সশস্ত্র ডাকাত চালককে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নয়। ওই সময় রাস্তার পাশে আগে থেকে থাকা মুখোশধারী আরো কয়েকজন ডাকাত বাসে ওঠে।
মছইন্যাকাটা পৌঁছালে অপর ডাকাতদের দেওয়া অবরোধে আটকা পড়ে বাসটি। এখানে আরো অন্তত নয়টি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল আটকা পড়ে।
প্রায় ১৫/১৬ জন ডাকাত যাত্রী ও চালকদের মারধর ও ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নেয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় খুনসহ ডাকাতির অভিযোগে থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24