২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হলে সুফল পাবে দেশ: প্রতিমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করলে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 06:49 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করলে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, “তাদের পৃষ্ঠপোষকতা করলে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সুযোগের প্রয়োজন।” বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী একথা বলেন। নারী উদ্যোক্তাদের সুযোগ করে দিতে বাংলাদেশ ব্যাংক বিনা জামানতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ দিচ্ছে জানিয়ে সে সুযোগ নিতে নারী উদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি। নারী উদ্যোক্তাদের জন্য ধানমণ্ডির রাপা প্লাজায় ‘জয়িতা’ নামের একটি বিক্রয় কেন্দ্র সরকারি উদ্যোগে খোলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের ১৮০টি মহিলা সংগঠনের কর্মীরা তাদের পণ্য এখানে বিক্রি করছেন। ভবিষ্যতে নারীদের পরিচালনায় বিপণি বিতান চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান শিরিণ শারমিন। তথ্য প্রযুক্তিতে নারীদের উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন স্কুল ও কলেজে কম্পিউটার বিতরণ শুরু করেছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, “মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমে ৩০টি জেলা শহরের মেয়েদের স্কুল ও কলেজগুলোতে এ কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৬৪টি জেলা শহরেই তা চালু রয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত এই মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. রফিকুল ইসলাম, সংগঠনের সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী, রোকেয়া কবীর, সায়মা হক বিদিশা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/০০৫১ ঘ.