২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র সাবেক স্বরাষ্ট্র সচিবও দুষলেন বাবরকে

“তদন্ত প্রতিবেদনে এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজন থাকা সত্ত্বেও তা প্রতিমন্ত্রী মহোদয় করতে দেননি,” বলেছেন তদন্ত দলের প্রধান ওমর ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাধার কারণেই ১০ ট্রাক অস্ত্র চালানের সঙ্গে এনএসআই কর্মকর্তাদের সংশ্লিষ্টতা তদন্ত করা যায়নি বলে আদালতে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এবং ওই সময়কার স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক। ১০ ট্রাক অস্ত্র আটকের দুই মামলায় বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে সাক্ষ্য দিতে এসে অবসরপ্রাপ্ত এই সচিব এই বক্তব্য দেন। এর আগে সাক্ষ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাও প্রতিমন্ত্রী বাবরকে দোষী করে আদালতে সাক্ষ্য দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের পর আগামী ১২ জুন শুনানির পরবর্তী তারিখ ঠিক করেছেন। সাবেক সচিব ওমর ফারুক তার সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উপস্থিতিতেই আদালতে সাক্ষ্য দেন। ২০০৪ সালের এপ্রিলে ওই অস্ত্রের চালান আটকের পর সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। ওমর ফারুক বলেন, “সরকারি তদন্ত কমিটির সদস্যরা ঘটনার পর ২০০৪ সালের ৫ এপ্রিল ঘটনাস্থল সিইউএফএল জেটিঘাট, পারকি বাজার ও এর আশেপাশের এলাকা পরিদর্শন করে। এসময় আমরা সিইউএফএল কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। “ওই সময় এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার এ বিষয়ে সম্úৃক্ততার বিষয়টি বুঝতে পারি এবং ধারণা পাই। কিন্তু সময়ের স্বল্পতার কারণে সুনির্দিষ্ট ও বিস্তারিত জানা সম্ভব হয়নি।” এরপরই তিনি বলেন, “প্রতিবেদন তৈরির সময় তদন্তে পাওয়া বিভিন্ন বিষয়ে এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার সংশ্লিষ্টতা সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করি। “তদন্ত প্রতিবেদনে এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজন থাকা সত্ত্বেও তা প্রতিমন্ত্রী মহোদয় করতে দেননি। উনার বাধা ও নিষেধাজ্ঞার কারণে তদন্ত প্রতিবেদনে তা অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।” ২০০৪ সালে ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল ঘাটে অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের সরকারি তদন্ত দলের প্রধান ছিলেন ওমর ফারুক। ওই কমিটির অন্য সদস্যরা ছিলেন ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসঅইয়ের তৎকালীন পরিচালক এনামুর রহমান চৌধুরী, তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহম্মদ ও ডিআইজি (এসবি) শামসুল ইসলাম। এর মধ্যে রেজ্জাকুল হায়দার এই মামলার আসামি, তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ওমর ফারুক বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সাক্ষ্য দেন। এর আগে চট্টগ্রাম নগর পুলিশের তৎকালীন কমিশনার এস এম সাব্বির আলীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাব্বির আলী সাক্ষ্যে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত এনএসআই কর্মকর্তাদের আটকে বারণের পাশাপাশি এই বিষয়ে মুখ খুলতেও নিষেধ করেছিলেন তৎকালীন প্রতিমন্ত্রী বাবর। মামলার আসামি বাবর, সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১০ আসামিকে কড়া পাহারায় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। দুই সাবেক মন্ত্রী ছাড়া অন্য আট আসামিকে লকআপে ঢোকাতে গেলে তারা হৈ চৈ শুরু করেন। তবে তখন বিচারক এজলাসে ওঠেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১২৪ ঘ.