ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কয়েকদিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হলেও চলমান তাপপ্রবাহ আরো কিছু দিন অব্যাহত থাকবে বলেও আভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর্দ্রতা ছিল ৭০ শতাংশ।
পরিবেশ ও প্রতিবেশগত অবস্থার কারণে তাপমাত্রার চেয়ে আরো কয়েক ডিগ্রি বেশি মাত্রার গরম অনুভূত হচ্ছে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা আবদুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং খুলনা, রাজশাহীর একাংশ, ঢাকা বিভাগ ও পটুয়াখালী অঞ্চলের ওপর বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পাশাপাশি অস্থায়ী দমকাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগুড়া, টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের দুয়েক জায়গায়।
আব্দুর রহমান বলেন, “আজও কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ মাস পর্যন্ত কোথাও ঝড়-বৃষ্টি হবে, ঠাণ্ডা আবহাওয়া হবে, আবার গরম পড়বে। বিকাল থেকে সন্ধ্যার দিকে ঢাকায়ও আবহওয়া ঠাণ্ডা থাকতে পারে।”
জুন মাসের শুরুতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) সক্রিয় হবে বলে জানান এ পূর্বাভাস কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০২০ ঘ.
bdnews24