ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালতে বিশৃঙ্খলার ঘটনায় দ্রুতবিচার আইনের মামলায় হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন সানাউল্লাহ মিয়াসহ বিএনপিপন্থী ২২ আইনজীবী।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি বিএনপি নেতা জয়নুল আবেদীন এবং সেক্রেটারি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী বৃহস্পতিবার সকালে বিএনপির আইনজীবীদের পক্ষে এই আবেদন জমা দেন।
জয়নুল আবেদীন জানান, দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের নেতা মোমতাজউদ্দিন মেহেদী বলেন, “আমি আইনজীবী হিসেবে এসেছি।”
মাহবুবউদ্দিন খোকনসহ বিরোধী দলের কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ ও ভাংচুর করার পর দ্রুত বিচার আইনে এই মামলা করে কতোয়ালি থানা পুলিশ।
এতে ২৯ জনের নাম উল্লেখসহ মোট ৯৯ জনকে আসামি করা হয়। আদালতে ভাংচুর এবং বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সাধারণ খোরশেদ আলম, মহসিন মিয়া, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা খান, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদারসহ ২২ আইনজীবী ওই মামলায় আগাম জামিন চেয়েছেন বলে বিএনপিপন্থী আইনজীবীরা জানান।
এ মামলার আসামির তালিকায় আরো আছেন- ওমর ফারুক, আব্দুর নূর ভূইয়া বাবলু, আব্দুল খালেক মিলন, জালাল আহমেদ দোলন, হেলাল উদ্দিন, নূরুজ্জামান(১), জীবন, মাসুদ রানা, মাহমুদুর রহমান, মজিবর, দিদার (ছোট), দিদার (বড়), নুরুজ্জামান(২), হেলাল, কামাল হোসেন, মনির, ফারদিন, জ্যাকব, এরশাদুল হক জর্জ, জামাল আলী মিয়া, পাপ্পু ও মিলন।
গত মঙ্গলবার পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে তাদের মিছিলে দেখা গেলেও বুধবার তাদেরসহ বিএনপিপন্থী অনেক আইনজীবীকেই দেখা যায়নি। যারা আদালতে এসেছিলেন, তাদের কয়েকজন জানান, গ্রেপ্তার এড়াতে অন্যরা আদালত এড়িয়ে চলছেন।
হরতালে গাড়ি পোড়ানো এবং বিস্ফোরণের ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরও দ্রুত বিচার আইনের মামলায় আসামি করা হয়, যাতে তারা এখন কারাবন্দি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১৪৫ ঘ.
bdnews24