খুলনা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে খুলনার দৌলতপুর জুট প্রেসের শ্রমিকদের কর্মবিরতি বুধবার দ্বিতীয় দিনও চলেছে। ফলে দৌলতপুরের ছোট বড় ১৪টি জুট প্রেসে রপ্তানির অপেক্ষায় পড়ে আছে প্রায় ৮ লাখ বেল পাট।
মঙ্গলবার থেকে আমদানি ও রপ্তানি বিভাগের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন।
শ্রমিকরা জানান, ১৪টি জুট প্রেসে যাচাই বিভাগ, রপ্তানি বিভাগ, রশিওয়ালা বিভাগ, কাটাওয়ালা বিভাগ, আমদানি বিভাগ ও খালাসি বিভাগ রয়েছে। প্রতি দুই বছর অন্তর ওয়ার্কার্স ইউনিয়নের মাধ্যমে তাদের মজুরি চুক্তিবদ্ধ হয়।
আমদানি বিভাগের শ্রমিক জাহাঙ্গীর, সমসের, দিলু মিয়া, রপ্তানি বিভাগের শ্রমিক সালাম, টুটুল শেখ ও হাসান হাওলাদার অভিযোগ করেন, জুট প্রেসের মালিকরা চুক্তি অনুযায়ী তাদের মজুরি দিচ্ছে না।
আমদানি বিভাগের শ্রমিক আজিবর বলেন, “১০০ মণ পাট বহন করলে তাদেরকে ১৭৯ টাকার স্থলে দ্বিগুণ মজুরি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।”
রপ্তানি বিভাগের শ্রমিক আমিনুলের অভিযোগ, ১০০ মণ বেল পাট বহন করলে তাদেরকে ৩৫০ টাকা করে দেওয়া হয়। অথচ এর দ্বিগুণ মজুরি পরিশোধের কথা।
“তাদেরকে দ্বিগুণ মজুরি দেওয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে,” যোগ করেন তিনি।
বর্তমানে ১৪টি জুট প্রেসে আমদানি বিভাগে সাড়ে তিন হাজার এবং রপ্তানি বিভাগে আড়াই হাজার শ্রমিক কাজ করছেন বলে জানান শ্রমিকরা।
অবশ্য শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজিএ’র সিনিয়র সহ-সভাপতি শেখ সৈয়দ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য ওয়ার্কার্স ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে কিছু শ্রমিক হঠাৎ করে কর্মবিরতি শুরু করায় তারা বিস্মিত।
বিজিএ’র এই নেতা আরো জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে গত ২০ মে পর্যন্ত তারা বিভিন্ন দেশে প্রায় ২০ লাখ বেল পাট রপ্তানি করেছেন, যার মূল্য ১২শ’ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৪৯ ঘ.
bdnews24