২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নজরুল চর্চায় সংকীর্ণতা দূর করতে হবে’

নজরুল চর্চার ক্ষেত্রে সংকীর্ণতা দূর করে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পী ফিরোজা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নজরুল চর্চার ক্ষেত্রে সংকীর্ণতা দূর করে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পী ফিরোজা বেগম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার বাংলা একাডেমী আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, “নজরুলচর্চার ক্ষেত্রে আমাদের সকল সংকীর্ণতা দূর করে একত্রে কাজ করা এখন সময়ের দাবি।” “নজরুলকে আমাদের নিত্য স্মরণ করতে হবে কারণ নজরুল মানবসাধক। বিরল এই সাধকের কাছ থেকে গান শিখে আমি প্রবেশ করেছি বাংলা সংগীতের ঐশ্বর্যময় ভুবনে,” বলেন তিনি। সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “নজরুল সংগীত প্রসারের ক্ষেত্রে পথের কাঁটা দূর করতে হবে। নজরুল সংগীত গাওয়ার ক্ষেত্রে শিল্পীদের শুধু গায়কী আয়ত্তই যথেষ্ট নয়, বরং কবির প্রাণময়তাকে অনুভবে রাখতে হবে।” বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “নজরুল এক বিদ্রোহের নাম; যে বিদ্রোহ সাহিত্যিক এবং যুগপৎ সামাজিক। সর্বপ¬াবী বিদ্রোহের আগুনে তিনি জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছেন অসাম্য, অন্যায় ও শোষণের মানববিরোধী অচলায়তন।” সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম। নজরুল সংগীত পরিবেশন করেন নাশিদ কামাল, সুজিত মোস্তফা, প্রিয়াংকা গোপ, ড. অসিত রায় প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২৩০০ ঘ.