শরীয়তপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাপনী পরীক্ষার সনদ নিয়ে কথা কাটাকাটির জেরে এক শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে শিক্ষা অফিসের সহকারী ও পিয়নের বিরুদ্ধে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী শিক্ষকরা জানিয়েছেন।
‘লাঞ্ছিত’ সুলতান মাহমুদ স্বপন উপজেলার নশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সুলতান মাহমুদ স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালের প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া তাদের বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সনদপত্র উপজেলা শিক্ষা অফিস থেকে নিয়ে যান তার অভিভাবক।
মঙ্গলবার উপজেলা সদরে প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের মাসিক সমন্বয় সভা ছিল।
সভা শেষে তিনি শিক্ষা অফিসে গিয়ে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার সনদপত্র চান।
তাকে একটি বাদে বাকি সনদপত্রগুলো দেওয়ার সময় অফিস সহকারী মো. শহিদুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর অভিভাবক সনদটি নিয়ে গেছেন।
সুলতান মাহমুদ বলেন, এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শহীদুল ইসলাম এবং পিয়ন নুরুল ইসলাম নুরু তাকে অকথ্য ভাষায় গালাগাল দেন এবং কিল ঘুষি মারেন।
ওই সময় সমন্বয় সভায় উপস্থিত প্রধান শিক্ষকরা তাকে উদ্ধার করেন, বলেন তিনি।
তিনি বলেন, “বিষয়টি অন্য প্রধান শিক্ষকরা নড়িয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানকে জানালে তিনি চুপ করে থাকেন। কোনো ব্যবস্থাই নেননি।”
পরে ওই প্রধান শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি তা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সভা করেন।
সভায় উপস্থিত শিক্ষকরা উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের বিরুদ্ধে বদলি বাণিজ্য শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি, পিটিআই প্রশিক্ষণসহ বিভিন্ন কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন।
তাকে (প্রধান শিক্ষক) মারধরের ঘটনাও বলেন তারা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রত্যক্ষদর্শী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভীন খানম এবং চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দিন বলেন, তাদের সামনে অফিস সহকারী ও পিয়ন প্রধান শিক্ষককে মারধর করেছে।
নড়িয়া উপজেলা শিক্ষা অফিসের কাছে তারা জিম্মি হয়ে পড়েছেন বলেও তারা জানান।
উপজেলা শিক্ষা অফিসের পিয়ন নুরুল ইসলাম নুরু বলেন, “কাঠের রোলার হাতে ছিল। আমি তাকে মারধর করিনি।”
অফিস সহকারী শহীদুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীর অভিভাবক সমাপনী পরীক্ষার সনদপত্র নেওয়ায় প্রধান শিক্ষক সুলতান মাহমুদ স্বপন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারের সঙ্গে খারাপ আচরণ করেন। এনিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়। আমরা তাকে মারধর করিনি।”
নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা বলেন, “আমি ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। বিষয়টি দুঃখজনক। আমি শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24