রাজবাড়ী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা ছাত্রলীগের কয়েকজন নেতার ওপর হামলার প্রতিবাদে প্রায় আড়াই ঘণ্টা ধরে রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ। এতে মহাসড়কের দুই পাশে শত শত যাবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে উপজেলা ছাত্রলীগ।
গোয়ালন্দ থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন ভোর ৪টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী একটি ফেরিতে জুয়ারিদের হামলায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের চার নেতা আহত হওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগ।
“তারা প্রায় আড়াই ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে। পরে ওই ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্রলীগ।”
ছাত্রলীগ নেতাদের দাবি, তারা সিলেটের হযরত শাহজালাল (রা.)’র মাজার জিয়ারত করে রাজবাড়ী ফিরছিল। তাদের বহনকারী ফেরির ক্যান্টিনের পাশে জুয়ারিরা এক যাত্রীর সবকিছু কেড়ে নিয়ে তাকে মারধর করছিল। এসময় ছাত্রলীগ নেতা কর্মীরা বাধা দিলে জুয়ারিরা তাদেরকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ট্রলারে করে পালিয়ে যায়।
এতে আহত হন, জেলা ছাত্রলীগ সভাপতি মোছাব্বির হোসেন বাঁধন, সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ রাজীব, সদস্য সৌরভ এবং গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএ বাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮১৯ ঘ.
bdnews24