ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পার্বত্য চট্টগ্রামের তিন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এই নির্দেশ দেন।
বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর, রাঙ্গামাটির দীপংকর তালুকদার এবং খাগড়াছড়ির যতীন্দ্র লাল ত্রিপুরা মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।
পার্বত্য চট্টগ্রামের সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সংসদ সদস্যরা পার্বত্য চট্টগ্রামের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। একই সঙ্গে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলের সমস্যাগুলোর শুনে সেগুলো সমাধানে বিভিন্ন পরামর্শ দেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৪১৭ ঘ.
bdnews24