২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু বিবাহ আইনে নিবন্ধন ‘ঐচ্ছিক’ থাকছে

হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে নিবন্ধনের জন্য দেশে প্রথমবারের মতো আইন হচ্ছে, যদিও এতে নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে নিবন্ধনের জন্য দেশে প্রথমবারের মতো আইন হচ্ছে, যদিও এতে নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক রাখা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে ‘হিন্দু বিবাহ নিবন্ধন আইন-২০১২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া মুসলিমদের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্যও ‘মৌখিকভাবে’ দানের (হেবা) দলিল নিবন্ধনের সুযোগ রেখে ‘নিবন্ধন আইন (সংশোধন) আইন, ২০১২’ অনুমোদন করা হয়েছে । অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশের সময়সীমা আরো ১৫০ দিন বাড়িয়ে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধন) ২০১২’ এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে এসব আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর খসড়াগুলো পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে। সচিব জানান, এদিন মন্ত্রিসভা ‘বাংলাদেশ পানি আইন, ২০১২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন এবং ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০১২’, ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (ফৌজদারি কার্যবিধি) (সংশোধন) আইন, ২০১২’ এবং ‘নিবন্ধন (সংশোধন) আইন, ২০১২’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এছাড়া জাতীয় শুদ্ধাচার কৌশল (ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি-এনআইএস) অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপন করা হলেও তা আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে এটি আবার মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। হিন্দু বিবাহ নিবন্ধন আইন সচিব বলেন, হিন্দু বিবাহ নিবন্ধন আইন প্রণয়নের মাধ্যমে হিন্দু স¤প্রদায়ের বিয়ে ব্যবস্থাকে আইনের আওতায় আনা হয়েছে। তবে এতে এ নিবন্ধন ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়নি। এটি ঐচ্ছিক থাকবে। কেউ চাইলে বিয়ে নিবন্ধন করতে পারেন, অথবা নাও করতে পারেন। “হিন্দুদের বিয়ে হয় শাস্ত্রমতে। শাস্ত্রমতে হওয়া বিয়ের বৈধতাও এতে নিশ্চিত থাকবে। এতে কোনো সমস্যা হবে না। তবে বিদেশে যেতে আগ্রহী দম্পতিদের বিয়ে সংক্রান্ত নথিপত্র নিশ্চিত করতে এ আইন ইতিবাচক ভূমিকা রাখবে।” এক প্রশ্নের জবাবে মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, হিন্দু স¤প্রদায়ের মধ্যে বর্তমানে বিবাহ বিচ্ছেদের কোনো সুযোগ নেই। নতুন আইনেও তেমন কোনো ব্যবস্থা রাখা হয়নি। প্রতিবেশী দেশ ভারত ১৯৫০ সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন করলেও বাংলাদেশে তেমন কোনো আইন এতোদিন হয়নি। নিবন্ধন (সংশোধন) আইন ইসলাম ধর্মাবলম্বীদের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্যও ‘মৌখিকভাবে’ দানের (হেবা) দলিল নিবন্ধনের সুযোগ রেখে ‘নিবন্ধন আইন (সংশোধন) আইন, ২০১২ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ আইন পাস হলে মাত্র ১০০ টাকা ফি দিয়ে মৌখিকভাবে দান করা স¤পত্তির দলিল নিবন্ধন করা যাবে বলে জানান সচিব। এর আগে ২০০৫ সালের নিবন্ধন আইন সংশোধন করে মুসলমানদের জন্য হেবায় দান করা সম্পত্তির দলিল নিবন্ধনের বিধান করা হয়। নতুন সংশোধনীর মাধ্যমে অন্য ধর্মগুলোর মৌখিক দানকেও নিবন্ধনের আওতায় আনা হলো। ‘ আন্তঃধর্ম বিবাহ আইন নয়’ মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে ‘আন্তঃধর্ম বিবাহ আইন’ প্রণয়ন সংক্রান্ত সা¤প্রতিক বিতর্ক নিয়েও আলোচনা করা হয়েছে। বেঠকে জানানো হয়েছে, ‘আন্তঃধর্ম বিবাহ আইন’ নামে নতুন কোনো আইন করা হচ্ছে না। এ নিয়ে বিতর্কেরও কোনো সুযোগ নেই। “যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না, তাদের বিয়ের বৈধতার জন্য ১৮৭২ সালের একটি আইন রয়েছে। ওই আইনের আওতায় স¤প্রতি একজন নিবন্ধক নিয়োগ করা হয়েছিল। কিন্তু এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তার নিয়োগ বাতিল করা হয়েছে”, বলেন সচিব। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য গত বছরের ১১ ডিসেম্বর জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধন) পাস করে সরকার, যাতে ১৫০ দিনের মধ্যে অর্পিত সম্পত্তির মৌজাভিত্তিক জেলাওয়ারি তালিকা প্রস্তুত করে গেজেট প্রকাশ করতে বলা হয়। ওই সময়ের মধ্যে ‘ক’ তফসিলভুক্ত (ইজারা দেওয়া) সম্পত্তির তালিকা প্রকাশ করা হলেও ‘খ’ তফসিলভুক্ত (ইজারা না দেওয়া) অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশ করতে পারেনি ভূমি মন্ত্রণালয়। এ কারণেই আইন সংশোধন করে গেজেট প্রকাশের জন্য আরো ১৫০ দিন সময় দেওয়া হলো বলে সচিব জানান। একইসঙ্গে অর্পিত সম্পত্তির মালিকানার দাবিসহ প্রমাণসহ কাগজপত্র নিয়ে অবমুক্তির আবেদনের সময় গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের ৯০ দিনের পরিবর্তে ১৫০ দিন এবং সম্পত্তি প্রত্যর্পণের আবেদনের সময় ৯০ দিনের পরিবর্তে ১২০ দিন করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফৌজদারি কার্যবিধি (সংশোধন) আইন সচিব জানান, ফৌজদারি কার্যবিধি সংশোধন করে মুখ্য বিচারিক হাকিম আদালত, যুগ্ম-বিচারিক হাকিম আদালত এবং সহকারী বিচারিক হাকিম আদালত জেলা পর্যায়ের বাইরে স্থাপনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ লক্ষ্যে ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (ফৌজদারি কার্যবিধি) (সংশোধন) আইন, ২০১২’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমান আইনে জেলা পর্যায়ের বাইরে এ ধরনের আদালত প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। “আইনটি পাস হলে সরকার জেলা শহরের বাইরে যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের আদালত প্রতিষ্ঠা করতে পারবে। এক্ষেত্রে একটি প্রজ্ঞাপন জারি করে আদালত প্রতিষ্ঠা করা হবে।” কতদিনের জন্য ওই আদালত স্থাপন করা হবে, তা প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে বলেও সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৪৫ ঘ.