২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তির মেয়াদ বাড়ল দুই মিশন প্রধানের

পাকিস্তান ও লিবিয়ায় বাংলাদেশ মিশন প্রধানদের চাকরির মেয়াদ দুই বছর করে বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ও লিবিয়ায় বাংলাদেশ মিশন প্রধানদের চাকরির মেয়াদ দুই বছর করে বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ দুই মিশন প্রধানের চুক্তির মেয়াদ বাড়ানো সংক্রান্ত আদেশ জারি করে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে দুই বছর। চুক্তিতে নিয়োগের ধারাবাহিকতায় তার এই মেয়াদ বৃদ্ধি ১৬ মে অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবিএম নূর উজ জামানের চুক্তির মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে। আগামী ১১ জুলাই অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে তাই এই বর্ধিত মেয়াদ কার্যকর হবে। এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মৃদুল কান্তি দে ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মালেকের চুক্তিতে নিয়োগের মেয়াদও এক বছর করে বাড়ানো হয়েছে। নৌ-বাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন নাজমুল হককে এক বছরের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের ‘নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার’ পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনে রদবদল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে থাকা সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ হাক্কানী এবং রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) খলিলুর রহমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালকে ময়মনসিংহের এডিসি পদে বদলি এবং তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুন নাহার মান্নুকে নেত্রকোণার এডিসি নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৫১ ঘ.