২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিডি কার্ডধারীরা ফিরিয়ে দিল ‘পচা চাল’

পচে যাওয়ার অভিযোগে বরিশালে ভিজিডি কার্ডধারীরা সরকারি সাহায্যের চাল ফিরিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

সাইদ মেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পচে যাওয়ার অভিযোগে বরিশালে ভিজিডি কার্ডধারীরা সরকারি সাহায্যের চাল ফিরিয়ে দিয়েছে। রোববার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পচা চালের ব্যাপারে অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।” রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮৫ জন দুঃস্থের মধ্যে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু বিতরণ করা ওই চাল পচা এবং নিম্নমানের হওয়ায় অধিকাংশ কার্ডধারী তা নেয়নি। উপজেলার পাঁচটি ইউনিয়নের ৯২৮ জন দুঃস্থ ভিজিডি কার্ডধারী রয়েছেন। তাদের গত পাঁচ মাস ধরে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হচ্ছে বলে জানান চেয়ারম্যান। ইউপির বাহাদুরপুর গ্রামের রবি মণ্ডলের স্ত্রী বীথিকা মণ্ডল সাংবাদিকদের বলেন, “এ চাল খাওয়া যায় না, গন্ধ আসে।” রামানন্দের আঁক গ্রামের গোপাল গাইনের স্ত্রী মিঠু গাইন বলেন, “গতবারের চাল রান্না করে আমরা পরিবারের কেউ খেতে না পেরে গরুর সামনে দিয়েছিলাম, গরুও ওই ভাত খায়নি।” আগৈলঝাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থাইল্যান্ড থেকে আনা এই চাল টেকেরহাট খাদ্য গুদাম থেকে তাদের গুদামে সরবরাহ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০০ ঘ.