চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে প্রায় ত্রিশ লাখ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে পুলিশ।
রোববার সকালে পতেঙ্গা থানার কয়লার ডিপো নামক স্থান থেকে আসলাম খানকে (৪০) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে ২৯ লাখ ৯৫ হাজার ৫০০ ভারতীয় রুপি পাওয়া যায়।
আসলাম পুলিশকে জানিয়েছেন, তিনি পাকিস্তানের করাচি থেকে ফ্লাই দুবাইয়ে করে বাংলাদেশে এসেছেন। ওই রুপি নিয়ে তিনি বিমানবন্দর থেকে রেয়াজুদ্দিন বাজারে যাচ্ছিলেন।
তবে কার কাছে ও কেন যাচ্ছিলেন তা জানা যায়নি।
পতেঙ্গা থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সামনে অটো রিকশা তল্লাশি করে তাকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে প্রায় ত্রিশ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।”
এ ঘটনায় আসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রদীপ দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮০৪ ঘ.
bdnews24