ঝিনাইদহ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সেপটিক ট্যাঙ্ক থেকে অপহৃত দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে আন্দুলিয়া গ্রামের আমিরুল বকসের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে দিনমজুর আব্দুর রশিদ মোল্লার (৪৫) লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাড়ি উপজেলার সুরা গ্রামে।
আমিরুল বকস দাবি করেন, শনিবার বিকাল ৫টার দিকে টেলিফোনে কে বা কারা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে- তাদের সেপটিক ট্যাঙ্কে একটি লাশ ফেলে রাখা হয়েছে। টাকা না দিলে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে।
পরে সন্ধ্যায় তিনি বিষয়টি তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হককে জানান।
হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের তালুকদার জানান, শনিবার ভোর রাতে আব্দুর রশিদ মোল্লাকে সন্ত্রাসীরা অপহরণ করে। আমিরুল বকসের মাধ্যমে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৭৪৫ ঘ.
bdnews24