ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- আগামী ৪ জুন তা জানাবে আদালত।
একাত্তরে যুদ্ধাপরাধের এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার আদেশের জন্য এই দিন রাখে।
এদিন আসামিপক্ষে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম শুনানিতে অংশ নেন।
মামলার কয়েকজন সাক্ষীর জবানবন্দি উল্লেখ করে একেএম সাইফুল ইসলাম বলেন, কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আল-বদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন। একাত্তরে ওই এলাকার মানবতা বিরোধী অপরাধের দায় তার উপরই বর্তায়। সাক্ষীদের সাক্ষ্যে তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে।
আসামিপক্ষের যুক্তি খণ্ডন করে সাইফুল ইসলাম এ মামলায় কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন।
কামারুজ্জামানের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক শুনানিতে বলেন, “যারা ওই এলাকায় (বৃহত্তর ময়মনসিংহ) অপরাধ করেছে, তাদের ওপর কমান্ডারের কার্যকর নিয়ন্ত্রণ থাকতে হয়। কিন্তু ওই ‘নিয়ন্ত্রণ’ প্রমাণে প্রসিকিউশন দলিল উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।
তিনি কামারুজ্জামানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৪ জুন অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। এরপর ওই বছরের ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
প্রসিকিউশন গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলে ৩১ জানুয়ারি তা আমলে নেয় ট্রাইব্যুনাল।
এই জামায়াত নেতার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫২০ ঘ.
bdnews24